রাইজিং স্টার্স এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে হেরে গেল ভারত। টুর্নামেন্টের এই হাই ভোল্টেজ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় হেরে যায় ভারত। ৪৮ রানে জয় পায় পাকিস্তান।
রোববার আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ভারত।
ভারতের হয়ে অধিনায়ক তিলক ভার্মা ১৪৯ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু তার শতরান দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। অভিষেক শর্মা ৪২ বলে ৭০ এবং শাহবাজ আহমেদ ৪৯ বলে ৫৬ রান করেন।
ভারতের রান তাড়া করার শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। বৈভব সূর্যবংশী ১১ রান করে আউট হলেও অভিষেক শর্মা পাল্টা আক্রমণ শুরু করেন। মাত্র ৪২ বলে ৭০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। আয়ুষ বাদোনি শূন্য রানে ফিরলেও অভিষেক ও তিলক তৃতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন।
তবে অভিষেক আউট হওয়ার পর ভারতীয় ইনিংসে ধস নামে। কুমার কুশাগ্রা (২), রিঙ্কু সিং (৬) এবং সূর্যাংশ শেঢ়গে (৩) দ্রুত ফিরে যান। একসময় ১২৯ রানে ছয় উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে ভারত ‘এ’।
সেখান থেকে তিলকের সঙ্গে জুটি বেঁধে লড়াই শুরু করেন শাহবাজ আহমেদ। সপ্তম উইকেটে দুইজনে ১১২ রান যোগ করে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ৪৯ বলে ৫৬ রান করে শাহবাজ আউট হওয়ার পরই ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। আলি রাজা পরপর শাহবাজ ও বিপ্রজ নিগমকে ফিরিয়ে দেন। এরপর হর্ষিত রানাও শূন্য রানে আউট হন।
অন্য প্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যান তিলক। ১৪৮ বলে শতরান পূর্ণ করলেও পরের বলেই আহমেদ দানিয়ালের শিকার হন তিনি। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক তিলক ভার্মা বলেন, অভিষেক যেভাবে ইনিংস শুরু করেছিল এবং মাঝের ওভারে শাহবাজ যেভাবে আমার সঙ্গে জুটি গড়েছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, যখন আমরা রানের গতি বাড়াতে চেয়েছিলাম, তখনই শাহবাজ আউট হয়ে যায়। ও যদি আরও দুই ওভার বা তার কাছাকাছি সময় ক্রিজে থাকতে পারত, তাহলে হয়তো আমি ম্যাচটা শেষ করতে পারতাম।
ভারত এ দলের অধিনায়খ আরও বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাচ জেতা। আমরা যদি ম্যাচ জিততে না পারি, তাহলে ব্যক্তিগত পারফরম্যান্স আমার কাছে সেরা নয়। তবে আমি সবসময় চেষ্টা করি ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। আজও সেটাই করার চেষ্টা করেছিলাম। অন্য কোনও ব্যাটার যদি আমাকে একটু সঙ্গ দিতে পারত, তাহলে হয়তো ম্যাচটা শেষ করতে পারতাম। তবে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। দলের অধিনায়ক হলে সেই চাপ ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া উচিত। আর সত্যি বলতে, এই দায়িত্ব নিতে আমি ভালোবাসি।
Publisher & Editor