বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, দাফন ধামরাইয়ে

প্রকাশিত: ০৫:৪১, ২৪ নভেম্বর ২০২৬ | ২২

পর্দায় হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা সোহেল খান। তার অভিনয়ের অভিব্যক্তি, সংলাপ আর সাবলীল উপস্থিতি আজও দর্শকদের আনন্দ দেয়।

শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। অথচ সেই হাসিখুশি মানুষটিই এবার ফিরছেন নিথর দেহে।
অভিনয়ের টানে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের মাতিয়ে রেখেছিলেন হাসি-আনন্দে।

কিন্তু মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সেই শুটিংয়ে অংশ নিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে।

তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়ি। সেখানেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হবে।
হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন ওই সদস্য। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

Mahfuzur Rahman

Publisher & Editor