বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি: খাজা

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ নভেম্বর ২০২৬ | ৩

উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ২০১৮ সালের অস্ট্রেলিয়া ক্রিকেটের বল টেম্পারিং কেলেঙ্কারি, যা ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত। বইয়ে খাজা দাবি করেছেন, কেপটাউনের পাশাপাশি পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল এবং দলের অনেকেই এ বিষয়ে অবগত ছিলেন।

তবে সেই সময় দলের বোলিং আক্রমণে থাকা বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তার এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন। কামিন্সের এমন বক্তব্যে হতাশ হয়েছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে ‘ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ বলে মন্তব্য করেন কামিন্স। তার দাবি, দলের সবাই বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন—খাজার এমন বক্তব্য সত্য নয়।

এ প্রসঙ্গে কামিন্স বলেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি তারা সবাই জানতেন, এমনটা বোঝানো হলে তা সম্পূর্ণ ভুল হবে। গত আট বছর ধরেই তিনি বলে আসছেন, এমন কোনো ঘটনা সম্পর্কে তার জানা ছিল না।

এদিকে কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থনও পেয়েছেন তিনি। ফলে অধিনায়কত্ব নিয়েও আপাতত কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। তবে খাজা জানিয়েছেন, তিনি কখনোই চাননি কামিন্স নেতৃত্ব হারান। এক পডকাস্টে এ বিষয়ে তিনি বলেন, সবসময়ই কামিন্সকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন এবং কখনো তার পদ হারানোর পক্ষে ছিলেন না।

খাজার ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে কামিন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। চেয়েছিলেন, ২০১৮ সালের ঘটনার দায় দলগতভাবে স্বীকার করা হোক। কিন্তু কামিন্স বল টেম্পারিং সম্পর্কে জানার বিষয়টি অস্বীকার করার পাশাপাশি তার বক্তব্যকে ‘মানহানিকর’ বলে আখ্যা দেন।

কামিন্সের এমন প্রতিক্রিয়ায় নিজের বিস্ময় ও হতাশার কথা জানিয়েছেন খাজা। তিনি বলেন, কামিন্স তার বিরুদ্ধে এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন, তা কখনো ভাবেননি। বিশেষ করে ব্যক্তিগতভাবে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং এখনো হচ্ছে, তা তাকে ব্যথিত করেছে। কামিন্সের এমন আচরণ আগে কখনো দেখেননি বলেও জানান সাবেক এই ওপেনার।

তবে খাজার দাবির পক্ষে কথা বলেছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তারা জানিয়েছেন, খাজার বক্তব্য পুরোপুরি সত্য। নিজের অবস্থানেও অনড় রয়েছেন খাজা। তার দাবি, তিনি যা বলেছেন, তা সত্য বলেই বলেছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং সত্য প্রকাশ করায় রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor