বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গেইলের কীর্তি ভেঙে টি-টোয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড

প্রকাশিত: ০৫:৩৮, ২৪ নভেম্বর ২০২৬ | ২৭

টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড় তোলায় ক্রিস গেইলের জুড়ি ছিল না। দীর্ঘদিন এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল তার দখলে।

২০১৩ সালে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। ক্যারিবিয়ান কিংবদন্তির সেই রেকর্ড ভাঙলেন ভারতের প্রিয়াংশ আর্য।
গেইলকে ছাড়িয়ে গেলেও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের মালিক হতে পারেননি প্রিয়াংশ। সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তি গড়েছেন ২৫ বছর বয়সী ওপেনার।

তবে ভারতীয় ব্যাটারদের ইতিহাসে সর্বোচ্চ।

গত মাসে ১৮৮ রানের ইনিংস খেলে গেইলের রেকর্ড ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংসের মালিক। তার সেই রেকর্ড থেকে ৭ রান দূরে থামেন প্রিয়াংশ।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ৬৮ বলে ১৮১ রানের ইনিংস খেলেছেন দিল্লির ওপেনার। বিস্ফোরক এই ইনিংসে ৮ চারের বিপরীতে ১৯ ছক্কা হাঁকিয়েছেন তিনি। সবমিলিয়ে বাউন্ডারি থেকেই নিয়েছেন ১৪৬ রান। তাতে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ফিন অ্যালেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে প্রিয়াংশ।

ইন্দোরের ড্যালি কলেজ মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দিল্লি।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রিয়াংশ। ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তাতে পাওয়ার প্লেতেই দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৯৪ রান। এরপর ৩৬ বলে পূর্ণ করেন টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় সেঞ্চুরি। পরের ২৪ বলে পৌঁছে যান দেড়শতে। এম সিদ্ধার্থকে টানা দুই বলে চার ও ছক্কা মেরে গেইলের ১৭৫ রানের ইনিংস ছাড়িয়ে যান দিল্লির বাঁহাতি ওপেনার। 
এর আগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল কিরণ নাগভির। ২০২১ সালে ৭৬ বলে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি। আরিয়ার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফির ইতিহাসে যৌথভাবে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

Mahfuzur Rahman

Publisher & Editor