এমন একটি গাছের কথা ভাবো তো, যার কাণ্ড এত মোটা যে মনে হবে বিশাল কোনো জলভরা বোতল মাটিতে পুঁতে রাখা হয়েছে! তার ডালপালাগুলোও দেখতে অনেকটা শিকড়ের মতো। দূর থেকে দেখলে মনে হবে, কেউ যেন গাছটিকে মাটিতে উল্টো করে লাগিয়ে দিয়েছে!
রূপকথার কোনো দৈত্যাকার গাছ নয়, বাস্তবেই পৃথিবীতে রয়েছে এমন এক বিস্ময়কর বৃক্ষ—নাম বাওবাব।
আফ্রিকার শুষ্ক প্রান্তরের এই অসাধারণ গাছের বৈজ্ঞানিক নাম Adansonia digitata, প্রকৃতির জীবন্ত জলাধার এটি Malvaceae পরিবারের বৃক্ষ। ইংরেজিতে একে African baobab, Monkey-bread tree বলা হয়। প্রকৃতির বিচিত্র সৃষ্টি হিসেবে বাওবাব যেমন আকর্ষণীয়, তেমনি মানুষের জীবন ও পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণত খুব বেশি উঁচু হয় না বাওবাব; কিন্তু এর কাণ্ডের আকার অবিশ্বাস্য রকমের বড় হতে পারে।
কোনো কোনো গাছের কাণ্ডের পরিধি কয়েক শ মিটার পর্যন্ত পৌঁছে। ধূসর বা ধূসর-বাদামি রঙের বাকল বা ছাল সাধারণত মসৃণ। কাণ্ডের নিচের অংশ মোটা এবং ওপরের দিকে ছড়িয়ে পড়া ডালগুলো ক্রমে সরু হয়ে আসে।
ডালপালার এই অদ্ভুত গড়নের কারণেই বাওবাবকে অনেক সময় Upside-down tree বা উল্টো গাছ বলা হয়।
লোককথায় বলা হয়, গাছটিকে নাকি কেউ শিকড় ওপরে আর ডালপালা নিচে রেখে রোপণ করেছিল! অবশ্য এটি নিছক কল্পকাহিনি। গাছটির অদ্ভুত আকৃতির পেছনে রয়েছে প্রকৃতির নিজস্ব রহস্য। আফ্রিকার অনেক অঞ্চলে বছরের একটি দীর্ঘ সময় বৃষ্টি হয় না। চারদিকে শুকনা মাটি, তপ্ত বাতাস আর পানির অভাব। এমন কঠিন পরিবেশে বাওবাব কিভাবে বেঁচে থাকে?
এর অন্যতম রহস্য হলো এর বিশাল কাণ্ড।
বাওবাবের কাণ্ডের ভেতরের নরম, আঁশযুক্ত টিস্যুতে পানি সঞ্চিত থাকে। এই সঞ্চিত পানি ও অন্যান্য অভিযোজন গাছটিকে শুষ্ক মৌসুম পার করতে সাহায্য করে। তবে এর কাণ্ডকে পানিভর্তি বোতল ভাবলে ভুল হবে, গাছের ভেতরে পানি থাকলেও তা কোনো সাধারণ জলাধারের মতো নয়। শুষ্ক মৌসুমে বাওবাবের পাতা ঝরে পড়ে। এতে পানি হারানোর পরিমাণ কমে। বৃষ্টি এলে আবার নতুন পাতা গজায়। প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার এই কৌশল সত্যিই বিস্ময়কর!
বাওবাবের একটি পাতার ডাঁটার শেষ প্রান্তে সাধারণত পাঁচ থেকে সাতটি ছোট পত্রক ছড়িয়ে থাকে। দেখতে অনেকটা হাতের আঙুলের মতো। বাওবাবের ফুলও কম আকর্ষণীয় নয়। বড়, সাদা ফুল লম্বা ডাঁটায় ঝুলে থাকে। অনেক সময় সন্ধ্যার দিকে ফুল ফোটে। ফুলের মধু ও গন্ধ বাদুড়কে আকৃষ্ট করে। ফুল থেকে ফুলে যাওয়ার সময় বাদুড় পরাগরেণু স্থানান্তর করে, যা পরাগায়ণে সাহায্য করে।
বাওবাবের ফল দেখতে অনেকটা লম্বাটে ডিমের মতো। এর বাইরের আবরণ শক্ত ও বাদামি রঙের সূক্ষ্ম লোমে ঢাকা। ফলের ভেতরে থাকে সাদাটে গুঁড়ার মতো শাঁস এবং অনেক বীজ। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মানুষ ফলের শাঁস খাবার হিসেবে ব্যবহার করে। বাওবাবের পাতা শাক হিসেবে খাওয়া হয়, আর বীজও বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়। অর্থাৎ গাছটি শুধু দেখতে সুন্দর বা অদ্ভুত নয়, মানুষের খাদ্য ও জীবনযাত্রার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। উপযুক্ত পরিবেশে কোনো কোনো বাওবাব বহু শতাব্দী ধরে বেঁচে থাকতে পারে। নামিবিয়ার একটি বাওবাবের বয়স রেডিওকার্বন পরীক্ষায় প্রায় এক হাজার ২৭৫ বছর বলে অনুমান করা হয়েছিল। এমন একটি গাছের নিচে দাঁড়ালে কল্পনা করা যায় কত বৃষ্টি, খরা, ঝড় আর ঋতুর পরিবর্তন সে দেখেছে! তার চারপাশে কত প্রাণীর জন্ম হয়েছে, কত মানুষ তার ছায়ায় বিশ্রাম নিয়েছে, কত পথিক তার পাশ দিয়ে হেঁটে গেছে!
Publisher & Editor