বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শরীরে কর্টিসলের মাত্রা বেড়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ নভেম্বর ২০২৬ | ২৩

কাজের চাপ, দুশ্চিন্তা কিংবা দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়াতে পারে। এই হরমোনের মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ঘুম, ক্ষুধা, ওজন ও রক্তে শর্করার ওপর প্রভাব পড়ে।

তবে এসব সমস্যার লক্ষণ সাধারণ হওয়ায় অনেক সময় কর্টিসলের সঙ্গে এর সম্পর্ক বোঝা যায় না। শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে গেলে কী কী পরিবর্তন দেখা দিতে পারে, জেনে নেওয়া যাক।

কর্টিসল কী এবং কেন বাড়ে?
কর্টিসল হলো এক ধরনের হরমোন, যা কিডনির ওপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। রক্তে শর্করার মাত্রা, বিপাকপ্রক্রিয়া ও ঘুমের চক্র নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানসিক চাপ বা দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার সময় শরীরে কর্টিসলের ক্ষরণ বাড়তে পারে।

ওজন বৃদ্ধি ও শরীরের গঠনে পরিবর্তন
খাদ্যাভ্যাস বা দৈনন্দিন কাজে বড় কোনো পরিবর্তন না থাকলেও হঠাৎ ওজন বেড়ে যেতে পারে। বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমতে পারে। কর্টিসলের মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে এমন পরিবর্তন দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

ঘুমের সমস্যা ও সারাক্ষণ ক্লান্তি
কর্টিসলের ভারসাম্য নষ্ট হলে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হতে পারে। কারো ঘুম কমে যায়, আবার কেউ অতিরিক্ত ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন। এর পাশাপাশি মনোযোগের অভাব ও চিন্তাভাবনায় অস্পষ্টতা দেখা দিতে পারে, যা ব্রেন ফগ নামে পরিচিত।
 
মিষ্টি বা নোনতা খাবারের প্রতি আকর্ষণ
কর্টিসল রক্তে শর্করার মাত্রা ও বিপাকপ্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এর মাত্রা বেড়ে গেলে কারো কারো মিষ্টি বা নোনতা খাবার খাওয়ার প্রবণতা বাড়তে পারে।

এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ঘুম, খাদ্যাভ্যাস ও মানসিক চাপের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

সহজে কালশিটে পড়া ও ক্ষত সারতে দেরি
শরীরে কর্টিসলের মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ত্বক পাতলা হয়ে যেতে পারে। ফলে সামান্য আঘাতেই কালশিটে পড়তে পারে এবং ক্ষত সারতে বেশি সময় লাগতে পারে। এ ছাড়া ব্রণ ও চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে।

দীর্ঘদিন কর্টিসল বেশি থাকলে যেসব সমস্যা হতে পারে
- শরীরের ওজন বেড়ে যাওয়া
- পেশির শক্তি কমে যাওয়া
- রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়া
- রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া
- নারীদের ঋতুচক্রে অনিয়ম দেখা দেওয়া

কর্টিসলের ভারসাম্য বজায় রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। এ জন্য কয়েকটি অভ্যাস গড়ে তুলতে পারেন।
- সুষম খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন, শর্করা, চর্বি ও আঁশযুক্ত খাবারের ভারসাম্য রাখুন।
- নিয়মিত ব্যায়াম: প্রতিদিন হাঁটা বা হালকা শরীরচর্চার অভ্যাস করুন।
- পর্যাপ্ত ঘুম: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার চেষ্টা করুন।
- মানসিক চাপ নিয়ন্ত্রণ: ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম কিংবা পছন্দের কাজে সময় দিন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
ওজন বৃদ্ধি, পেশি দুর্বল হওয়া, সহজে কালশিটে পড়া বা ক্ষত সারতে দেরি হওয়ার মতো একাধিক লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। এসব লক্ষণ থাকলেই যে কর্টিসলের মাত্রা বেড়েছে, তা নিশ্চিত নয়। প্রয়োজন হলে চিকিৎসক পরীক্ষা করে কারণ নির্ধারণ করবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor