লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ৪১ জনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
নভেম্বরের শুরুতে ভাড়া করা তিনটি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক। সম্প্রতি লাওটিয়ান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় এসব অভিযান চালায়।
তিনটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করেছেন কর্মকর্তারা।
লাওফাত্তানা নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। সন্দেহভাজন কার্যক্রমে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
তাদের সহযোগীদেরও খুঁজছেন তদন্তকারীরা।
অন্যদিকে, সিসাত্তানাক জেলায় পৃথক অভিযানে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। সেখান থেকে ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স।
সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।
এই ঘটনায় সন্দেহভাজন সাইবার অপরাধ কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Publisher & Editor