বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৮:১৪, ১৮ নভেম্বর ২০২৬ | ৫

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মইনুদ্দিনের দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Mahfuzur Rahman

Publisher & Editor