বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির নেতারা। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা, জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লেকাম্বায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক পটপরিবর্তন, সিপাহি-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ধারাবাহিকতায় বিএনপির হাত ধরে দেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরো বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. শাহ জে. মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অমি ফেরদৌস এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের সভাপতি আলমগীর ইসলাম বাবু।
এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা সেলিম লকিয়ত, মোবারক হোসেন, নিগার এলাহি চৌধুরী, ইলিয়াস কাঞ্চন শাহীন, মশিউর রহমান মুন্না, শফিউল আলম শফিক, গোলাম ফারুকী নাদিম, আরমান হোসেন ভূঁইয়া, মাহবুবুর রহমান খান মামুন, মোস্তাফিজুর রহমান লাবু, কায়সার আহমেদ, মশিউর রহমান তুহিন, হাসনা হেনা ও শাহিনুর রহমান প্রমুখ।
মূল সভার আগে প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা ঐকমত্য প্রকাশ করেন।
Publisher & Editor