হামটি ডামটি স্যাট অন আ ওয়াল
হামটি ডামটি...
হুমম...হুমম। তারপর যেন কী? গালে হাত দিয়ে ভাবতে বসল টুসু।
ধুর ছাই, রাইমটা বারবার ভুলে যাচ্ছে সে। একটু পর স্যার রাইমটা বলতে বলবে। তখন সে কী করবে?
হলোও তাই। স্যার বললেন, ‘এবার টুসু দ্াড়াও তো, হামটি ডামটি রাইমটা বলো সুন্দর করে।
টুসু লম্বা করে দম নিল। তারপর যেই রাইমটা বলতে গেল, হলো এক কাণ্ড!
সে বলবে হামটি ডামটি। তা না! বলে উঠল, ‘পিয়াক! পিয়াক!!
ক্লাসের সবাই ভড়কে গেল! চমকে গেলেন স্যারও। চোখমুখ কুঁচকে তাকালেন টুসুর দিকে, ‘কী হয়েছে টুসু? এসব কী বলছ তুমি?’
টুসু জিভে কামড় দিল, ‘স্যার, আমি পিয়াক পিয়াক বলতে চাইনি!’
কিন্তু তার মুখ দিয়ে বের হলো, ‘পিয়াক, পিয়াক, কেঁচো খাবেন?’
তাই শুনে সবাই ওয়াক থু! রামিসার বমি পেল।
স্যারও মুখে হাত রাখলেন!
টুসু আবার বলতে গেল, ‘স্যার, আমি ইচ্ছা করে বলিনি।’
তার বদলে টুসুর মুখ দিয়ে বেরোল, ‘পিয়াক, পিয়াক। কেঁচোটা কেটে দিই? চাকুম চুকুম করে খান। খেতে খুব মজা!’
বলত না বলতেই ওয়াক! ক্লাস থেকে বেরিয়ে গেল রামিসা। তার দেখাদেখি সুমি।
স্যারও আর থাকতে পারলেন না। বেরিয়ে এলেন বারান্দায়। তারপর আর কী! ওয়া-আ-ক! ওয়া-আ-ক!
একটু পর স্কুল ছুটি। বাড়ি ফিরেই টুসু ব্যাগটা ফেলল ঝপাং করে। রেগেমেগে বলে উঠল, ‘টিংকুর বাচ্চা টিংকু! কোথায় তুমি? আজকে তোমায় চিবিয়ে খাব। না, না! চানাচুর বানিয়ে খাব।’
মা এলেন ছুটে, ‘ওমা, কী করেছে টিংকু? ওকে বকছো কেন?’
টুসু কেঁদেই দিল, ‘দুষ্ট টিংকু কী করেছে জানো? স্কুলে কী সব দুষ্ট কথা বলেছে। ওর কথা শুনে সবাই ওয়া-আ-ক! বলতে বলতে টুসুরও বমি পেল।
ভাবছ এই টিংকুটা আবার কে? টিংকু এক রোবট। এআই রোবট। নিজেরই বুদ্ধি আছে। নিজে নিজে ভাবতে পারে। কাজ করতে পারে। পড়তেও পারে! টুসুর বন্ধু সে।
টুসু এদিক-ওদিক তাকাল, ‘কোথায় দুষ্ট টিংকু? লুকিয়েছে বুঝি ঘরের কোণে?’
মা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ‘টিংকু সেই সকালে বেরিয়েছে। কোথায় গেল, কে জানে?’
টুসুর এবার ভাবনা হলো। কোথায় গেল টিংকু? হারিয়ে যায়নি তো? ধুর, টিংকু কেন হারাবে। ওর মাথায় একটা কম্পাস সাঁটা আছে। অ্যান্টার্কটিকা রেখে এলেও দুষ্টটা গুটি গুটি পায়ে ফিরে আসবে।
তবু টুসুর ভাবনা যায় না। সে টিংকুকে খুঁজতে লাগল এদিক-ওদিক। নাহ, কোত্থাও নেই টিংকু। বকেছে বলে রাগ করল না তো?
ভাবছ টুসু বকেছে, টিংকু তা জানবে কী করে? জানবে না! টুসু আর টিংকু রোবোলিংকের মাধ্যমে যুক্ত। টুসুর প্রতিটি বডি সিগনালই চট করে পেয়ে যায় সে। সব জমা হয় টিংকুর সার্ভারে।
টিংকুর আরো গুণ আছে। সে একটা বায়োটক এআই রোবট। সে প্রাণীদের ভাষা বুঝতে পারে। শুধু তাই নয়, প্রাণীদের ভাষাকে ডিকোড করে টুসুর কাছে পাঠিয়ে দেয় তরঙ্গ আকারে। টুসুর মগজকেও একটু সময়ের জন্য কবজা করে নেয় টিংকু। টুসু তখন দিব্যি পশুপাখির সঙ্গে কথা বলতে পারে! হোক না তারা টুসুর থেকে অনেক দূরে!
বুঝো কেমন বুদ্ধি তার! টুসুর ভয় লাগে। বুদ্ধিমানটা কি সত্যি সত্যি অ্যান্টার্কটিকা চলে গেছে?
টুসু বসে পড়ে। হাঁটুতে মাথা গুঁজে দেয়। তার হু হু করে কান্না আসে। এমন সময় শব্দ হয়, পিয়াক! পিয়াক!!
চট করে মাথা তুলে টুসু। ওই তো, টিংকু দাঁড়িয়ে আছে তার সামনে। মুখে গোলাপি রং ফুটে আছে। মিটিমিটি হাসছে সে। সঙ্গে একটা বড় হাঁস। হাঁসটার সঙ্গে দুটি ছানাও আছে।
টুসু টিংকুকে পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। তবে মনে মনে। মনে মনেই তো হবে, স্কুলের কথা কি সে ভুলে গেছে!
টুসু টিংকুকে বলতে যায়, ‘দুষ্ট কোথাকার? এতক্ষণ কোথায় ছিলে?’
কিন্তু টুসুর মুখ দিয়ে বের হয়, ‘পিয়াক, পিয়াক, গুড ইভিনিং মি. হাঁস। আপনি কেমন আছেন?’
হাঁসটা সাহেবদের মতো মাথা নুইয়ে বাও করে, ‘গুড ইভিনিং মিস টুসু। আমি ভালো আছি। টিংকু রোজই তোমার কথা বলে। তাই চলে এলাম দেখা করতে।’
টুসু কটমট করে একবার তাকাল টিংকুর দিকে। তারপর হাঁসটার দিকে ফিরে হাসল মিষ্টি করে, ‘যখন স্কুলে ছিলাম, তুমিই কি আমার সঙ্গে কথা বলছিলে? তুমিই বুঝি অমন চাকুম চুকুম কেঁচো খাচ্ছিলে?’
হাঁসটা মাথা নাড়ে, ‘ঠিক ধরেছ টুসু। ক্লাসে যখন ছিলে, আমার সঙ্গেই কথা বলেছিলে।’
দেখতে দেখতে ভারি আড্ডা জমল। রাজ্যের গল্প শুরু হলো তিনজনে। ওদিকে টুসুর মা দেখল, টুসু একটা হাঁস আর টিংকুর সঙ্গে বসে একটানা পিয়াক, পিয়াক করে ডেকে যাচ্ছে!
Publisher & Editor