রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

প্রকাশিত: ০৬:১৩, ২২ নভেম্বর ২০২৬ | ১৪

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। গত ২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিবিএল মানি ট্রান্সফার কেন্দ্রে আয়োজিত এই ক্যাম্পে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সেবা দেওয়া হয়েছে। 

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে প্রবাসীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ এবং প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণের পাশাপাশি নানা ধরনের কনস্যুলার সেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল ভ্রমণ অনুমতিপত্র বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্র প্রদান। 

পাশাপাশি, প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের নিয়মাবলি সম্পর্কে প্রবাসীদের হাতে-কলমে পরামর্শ দেওয়া হয়। 

পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানেই প্রয়োজনীয় পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে প্রবাসীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি, সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি পাসপোর্টসংক্রান্ত জরুরি কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে নিয়মিত এ ধরনের বিশেষ ক্যাম্প জরুরি কনস্যুলার সেবাকে আরও সহজলভ্য করবে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। 

Mahfuzur Rahman

Publisher & Editor