বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লা লিগায় সিমিওনের ইতিহাস

প্রকাশিত: ০৫:৩২, ২৪ নভেম্বর ২০২৬ | ২৭

আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে এক যুগেরও বেশি সময় ধরে আছেন দিয়েগো সিমিওনে। দীর্ঘ সময়ে দলের অনেক কিছুর সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন কোচ।

এনে দিয়েছেন একের পর এক সাফল্যও। এবার ব্যক্তিগত এক অর্জনে ইতিহাস গড়েছেন তিনি।
লা লিগায় জয়ের রেকর্ড গড়েছেন সিমিওনে। তবে এমন কীর্তির পরও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

চলতি মৌসুমের শেষেই যে শেষ হতে যাচ্ছে ক্লাবটির সঙ্গে তার চুক্তি!
গতকাল রাতে হেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লিগে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন সিমিওনে। কোচ হিসেবে ৩৪৫তম জয় পেয়েছেন তিনি। ৫৬৭ ম্যাচে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কোচ। তাতে ছাড়িয়ে গেছেন আতলেতিকো ও স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসকে।

৫৩৩ ম্যাচে তার জয় ছিল ৩৪৪টি।
রেকর্ড গড়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিমিওনে। তবে এই অর্জনের পেছনের পরিশ্রমটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘এটা আমাকে আনন্দিত করেছে। সাধারণত খুব বেশি কিছু আমাকে আনন্দ দেয় না।

তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দলকে রক্ষণাত্মক কৌশলে খেলার জন্য প্রায়ই সমালোচনা শুনতে হয় সিমিওনকে। সেই সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। তার প্রশ্ন, শুধু রক্ষণ সামলে কি ৩৪৫ ম্যাচ জেতা সম্ভব? তিনি বলেছেন, ‘এটা আমাদের নিয়মিত সমালোচনা। আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। আমাদের রক্ষণাত্মক দল হিসেবে তুলে ধরা হয়, যেন আমরা সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে ৩৪৫ ম্যাচ জেতা যায় না। এটা কি আদৌ সম্ভব?’

২০১১ সালের ২৩ ডিসেম্বর আতলেতিকোর দায়িত্ব নেন সিমিওনে। এরপর দলটিকে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত করেছেন। তার অধীনে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে আতলেতিকো। অন্যদিকে দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি।

এবারের লিগে ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে আতলেতিকো। এমন সাফল্যের মধ্যেও সিমিওনের ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হবে তার। রেকর্ডের মুকুট মাথায় নিয়েই কি বিদায় নেবেন, নাকি আরো এক মৌসুম থাকবেন ক্লাবের ডাগআউটে—সেই উত্তর এখন পর্যন্ত অজানাই।

Mahfuzur Rahman

Publisher & Editor