মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৭:৫১, ২৩ নভেম্বর ২০২৬ | ২০

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও ধৈর্য তাঁর নেই।

আইনজীবী বলেন, ‘তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

বুধবার রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor