বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১১৯.২ মিলিয়ন ডলারের বাজেট, বাড়ছে সম্পত্তি কর—বিংহ্যামটনে মেয়র ক্রাহামের বড় ঘোষণা

প্রকাশিত: ১১:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১৬

বিংহ্যামটন, নিউইয়র্ক: বিংহ্যামটন মেয়র জ্যারেড ক্রাহাম ২০২৭ সালের জন্য ১১৯.২ মিলিয়ন ডলারের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। মঙ্গলবার সিটি হলে বাজেট বক্তব্যে তিনি জননিরাপত্তা, অবকাঠামো, পার্ক, যুব কার্যক্রম ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরেন। 

প্রস্তাবিত বাজেটে ১০.৩ মিলিয়ন ডলার অবকাঠামো উন্নয়নে রাখা হয়েছে। এর আওতায় রাস্তা সংস্কার, কার্ব ও ফুটপাত মেরামত এবং পুরোনো পানি ও পয়ঃনিষ্কাশন লাইন প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। পার্কগুলোর উন্নয়নে আরও ৬৭৫ হাজার ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

জননিরাপত্তাকেও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশে নতুন একটি প্যাট্রোল অফিসার পদ, তিনটি নতুন পুলিশ গাড়ি এবং নর্থ সাইডে নতুন ফায়ার স্টেশনের নকশা সম্পন্ন করার জন্য অর্থ রাখা হয়েছে। শহরের যুব বিনোদন কেন্দ্রের কর্মী ও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। 

দক্ষিণ সাইডে UHS Binghamton General Hospital-কে কেন্দ্র করে নতুন একটি মেডিকেল বিজনেস ডিস্ট্রিক্ট গড়ে তোলার পরিকল্পনা শুরু করার কথাও বাজেটে বলা হয়েছে। পাশাপাশি Chenango Street ও Henry Street-এর পুনর্গঠন এবং বিভিন্ন এলাকায় আবাসন ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। 

তবে প্রস্তাবিত বাজেটে হোমস্টেড সম্পত্তি করের হার ২.৯ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। মেয়র ক্রাহাম বলেছেন, ক্রমবর্ধমান খরচের মধ্যেও শহরের আর্থিক পরিকল্পনার মাধ্যমে করদাতাদের ওপর চাপ সীমিত রাখার চেষ্টা করা হয়েছে। 

প্রস্তাবিত বাজেট এখন সিটি কাউন্সিল পর্যালোচনা করবে। ২২ ও ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টায় বাজেট শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

Mahfuzur Rahman

Publisher & Editor