বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে

প্রকাশিত: ০৭:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪

কৃত্রিম চোখের পাতা বা আইল্যাশ এক্সটেনশনের নিয়মিত ব্যবহারে চোখে ডেমোডেক্স নামক অনুবীক্ষণিক মাইটের সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে, যার ফলে চোখে জ্বালাপোড়া ও ঝাপসা দেখার মতো সমস্যা হতে পারে। ইউক্রেনীয় চক্ষু বিশেষজ্ঞদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। 

ডেমোডেক্স হলো এমন এক ধরনের ক্ষুদ্র মাইট বা পরজীবী, যা সাধারণত কোনো ক্ষতি ছাড়াই মানব ত্বক ও চোখের পাতায় বসবাস করতে পারে। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এদের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেলে তা চোখের প্রদাহ ও বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। 

ইউক্রেনের ন্যাশনাল পিরোগভ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা ইউরোপীয় সোসাইটি অব ক্যাটার্যাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনসের ৪৪তম কংগ্রেসে এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন।

গবেষণায় নেতৃত্ব দেন ইউক্রেনীয় চক্ষু বিশেষজ্ঞ ড. তাতিয়ানা ঝমুদ। ১৬ থেকে ২৮ বছর বয়সি ৩৪৫ জন নারী কত নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করেন, তা নিয়ে একটি জরিপ চালানো হয়। এতে অংশ নেওয়া নারীদের প্রায় ৪৮ শতাংশ জানান যে, এই সৌন্দর্য বর্ধক সেবা নেওয়ার পর তারা চোখে অস্বস্তি, লালচে ভাব বা চুলকানির মতো সমস্যায় ভুগেছেন। 

পরবর্তীতে গবেষক দল নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারী ২৫ জন নারীর চোখের পাতার নমুনা সংগ্রহ করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করেন। পরীক্ষার পর ২৪ জন নারীর অর্থাৎ প্রায় ৯৬ শতাংশের চোখের পাতাতেই ডেমোডেক্স মাইটের উপস্থিতি পাওয়া যায়। 

যাদের পরীক্ষায় মাইট ধরা পড়েছিল, তাদের বেশিরভাগই চুলকানি, জ্বালাপোড়া, চোখের লালচে ভাব, ফুলে যাওয়া, চোখের চারপাশে ত্বকের খোসা ওঠা এবং চোখের পাতা একসঙ্গে আটকে যাওয়ার মতো উপসর্গের কথা জানান। 

আইল্যাশ এক্সটেনশন প্রক্রিয়ায় আঠা ব্যবহার করে কৃত্রিম তন্তু প্রাকৃতিক চোখের পাতার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরও লম্বা ও ঘন দেখায়। 

গবেষকদের মতে, শুকিয়ে যাওয়া আইল্যাশ আঠার চারপাশে মৃত ত্বকের কোষ জমা হতে থাকে এবং এই পরিবেশটি ডেমোডেক্স মাইটের দ্রুত বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। 

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, আইল্যাশ এক্সটেনশনের সঙ্গে চোখের বিভিন্ন সমস্যার যোগসূত্র রয়েছে, যদিও এই গবেষণার ফলাফল থেকে সরাসরি এটি প্রমাণিত হয় না যে এই চিকিৎসা সবার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মাইটের সংক্রমণ ঘটায়। এই ঝুঁকি এড়াতে ড. তাতিয়ানা ঝমুদ নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহারকারীদের চোখের সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তিনি দিনে দুইবার মৃদু কোনো ক্লিনজার দিয়ে চোখের পাতা পরিষ্কার করা এবং একটি ল্যাশ ব্রাশ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। 

সূত্র: সামা টিভি 

Mahfuzur Rahman

Publisher & Editor