মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আইস’কে সহযোগিতা নিয়ে শেরিফ আকশারকে প্রতিদ্বন্দ্বী রায়ানের তীব্র সমালোচনা

প্রকাশিত: ১৫:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৫৭

ব্রুম কাউন্টি, নিউইয়র্ক: ব্রুম কাউন্টি শেরিফ পদপ্রার্থী ও সাবেক বিংহ্যামটন মেয়র ম্যাট রায়ান বর্তমান শেরিফ ফ্রেড আকশার-এর অভিবাসন নীতি ও ICE-এর সঙ্গে সহযোগিতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

সম্প্রতি আকশার বলেছিলেন, তিনি “বিপজ্জনক ব্যক্তিদের” কারাগার থেকে মুক্তি দেবেন না। আকশারের এই বক্তব্যের জবাবে রায়ান দাবি করেন, কাউকে কারাগারে রাখা বা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেরিফের নেই। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত বিচারকদের এখতিয়ারের মধ্যে পড়ে।

বিতর্কের সূত্রপাত হয় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের একটি চিঠিকে কেন্দ্র করে। চিঠিতে ব্রুম কাউন্টি শেরিফের অফিসসহ ১২টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে রাজ্যের “Local Cops, Local Crimes Act” মেনে চলার নির্দেশ দেওয়া হয়। আইনটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের 287(g) ধরনের সহযোগিতা সীমিত করে।

অন্যদিকে, ICE-এর প্রকাশিত নথি অনুযায়ী, ব্রুম কাউন্টি শেরিফের অফিস ২০২৫ সালের মার্চে ICE-এর সঙ্গে 287(g) চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তির মাধ্যমে নির্দিষ্ট অভিবাসীদের ব্রুম কাউন্টি জেল থেকে ICE-এর হেফাজতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

রায়ান অভিযোগ করেন, শেরিফ হিসেবে আকশারের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে তার বক্তব্য বিভ্রান্তিকর। তবে আকশার রায়ানের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ব্রুম কাউন্টি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জেলে কোনো ICE detainee আটক নেই। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে বিতর্ক অব্যাহত রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor