মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রুম কাউন্টির ২০২৭ বাজেটের মূল লক্ষ্য জীবনযাত্রার ব্যয়ভার কমানো

প্রকাশিত: ১২:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪৬

ব্রুম কাউন্টি, নিউইয়র্ক: কাউন্টির বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয়ভার কমানোকে প্রধান অগ্রাধিকার দিয়ে ব্রুম কাউন্টির ২০২৭ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন কাউন্টি এক্সিকিউটিভ জেসন গারনার। নতুন বাজেটে টানা অষ্টমবারের মতো কাউন্টির সম্পত্তি করের হার কমানোর পাশাপাশি প্রবীণ নাগরিক, শিশু পরিচর্যা, আবাসন, জননিরাপত্তা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভেস্টাল সিনিয়র সেন্টারে ২০২৭ সালের বাজেট বক্তব্যে গারনার বলেন, বর্তমান সময়ে বাসিন্দাদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি কাউন্টির দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

প্রস্তাবিত বাজেটে টানা অষ্টমবারের মতো সম্পত্তি করের হার কমানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে ২০১৮ সালের তুলনায় কাউন্টির সম্পত্তি করের হার মোট ২৪ শতাংশের বেশি কমবে। পাশাপাশি প্রবীণদের জন্য সম্পত্তি কর ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যাতে বয়স্ক বাসিন্দারা নিজেদের বাড়িতে থাকতে পারেন।

বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ১ মিলিয়ন ডলারের Senior Affordability Initiative। এর আওতায় প্রবীণদের নিরাপত্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং খাদ্যনিরাপত্তায় বিনিয়োগ করা হবে।

শিশু পরিচর্যা খাতেও বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব রয়েছে। নতুন Universal Daycare Pilot কর্মসূচির জন্য কাউন্টি ১.৫ মিলিয়ন ডলার বরাদ্দ করবে। এর মাধ্যমে শিশুদের জন্য, বিশেষ করে নবজাতক ও টডলারদের জন্য, আরও সাশ্রয়ী ও সহজলভ্য ডে-কেয়ার সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়া ছোট কমিউনিটির উন্নয়নে ৫ লাখ ডলার Small Community Fund-এ বিনিয়োগ এবং রাস্তা, সেতু, সরকারি স্থাপনা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে ৬০ মিলিয়ন ডলারের বেশি মূলধনী বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে গৃহহীনতা ও আবাসন সংকট মোকাবিলায় চলমান উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি জননিরাপত্তা ও জরুরি সেবা আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।

সিনিয়র নাগরিক, কাউন্টির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে গারনার বলেন, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের জন্য কাউন্টির আর্থিক সক্ষমতা ধরে রাখাই বাজেট প্রণয়নের অন্যতম লক্ষ্য।

ব্রুম কাউন্টি এক্সিকিউটিভ হিসেবে এটি জেসন গারনারের নবম বাজেট বক্তব্য। প্রস্তাবিত বাজেট এখন কাউন্টি আইনপ্রণেতাদের পর্যালোচনা ও অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor