ফুটবলে অনেক খেলোয়াড়ের কড়া ট্যাকেলে মারাত্মক ইনজুরিতে শেষ হয়ে গেছে অনেক তারকার। ২০১৪ বিশ্বকাপে পাওয়া চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
সাধারণত শাস্তি হিসেবে লাল কার্ড বা কয়েক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয় ফাউল করা ফুটবলারকে। কিন্তু এবার বিরল এক মুখে পড়লেন ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনাল ডিফেন্ডার ভিক্টর গাব্রিয়েল। ক্রুজেরইরোর স্ট্রাইকার গ্যাব্রিয়েল পেককে মারাত্মক ফাউল করেছিলেন তিনি। এই ঘটনায় ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) রায় দিয়েছে, পেক অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ভিক্টরকে।
গত ২২ জুলাই ব্রাজ়লিয়ান সিরি এ-র লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টারন্যাসিওনালে ও ক্রুজেইরো। মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সি থেকে সদ্য ক্রুজেইরোতে যোগ দিয়েছিলেন পেক। ম্যাচে ভিক্টরের ভয়ংকর ট্যাকলের জেরে পেকের বাঁ পায়ের টিবিয়া ভেঙে যায়। ম্যাচে তখন রেফারি সরাসরি লাল কার্ডও দেখান ভিক্টরকে।
এবার আদালতের রায়ে নজিরবিহীন শাস্তির মুখে পড়লেন তিনি।
রায় ঘোষণার সময়ে ব্রাজ়লের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস জানায়, এই ধরনের গুরুতর ঘটনার ক্ষেত্রে সাধারণ নির্বাসন যথেষ্ট নয়। আদালতের বক্তব্য, ‘আহত ফুটবলার অনুশীলনে ফিরতে সক্ষম না হওয়া পর্যন্ত অভিযুক্ত ফুটবলারকে নির্বাসিত রাখা যেতে পারে। তবে এই সময়সীমা কোনো অবস্থাতেই ১৮০ দিনের বেশি হবে না।’
যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
শুনানির সময়ে ভিক্টর গাব্রিয়েল দাবি করেন, ট্যাকলটি ইচ্ছাকৃত ছিল না। তিনি ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন। ভিক্টর বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। আমি পেকের কাছে ক্ষমা চেয়েছি এবং সাহায্যের কথাও জানিয়েছি। ওকে বলেছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। পেকের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি আমি।’
Publisher & Editor