আরবি লাইপজিগের আইভোরিয়ান তরুণ ফরোয়ার্ড ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৯ বছর বয়সী এই তারকাকে পাওয়ার দৌড় থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
প্রায় ১০ দিন আগে দিওমান্দেকে পাওয়ার জন্য রিয়ালের প্রথম প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল লাইপজিগ। তবে দমে না গিয়ে সম্প্রতি ১০০ মিলিয়ন ইউরো নিশ্চিত ফি এবং অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরোর অ্যাড-অনসহ মোট ১২০ মিলিয়ন ইউরোর এক আকর্ষণীয় প্রস্তাব নিয়ে নতুন করে হাজির হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লাইপজিগ আনুষ্ঠানিকভাবে এখনও এই প্রস্তাবের জবাব না দিলেও ধারণা করা হচ্ছে তারাও মূল দাম কিছুটা বাড়াতে চাইবে। তবে দুই পক্ষই ইতিবাচক থাকায় শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়নের বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
শুরুর দিকে দিওমান্দের প্রথম পছন্দ পিএসজি হলেও লাইপজিগের চড়া হাঁকানো ট্রান্সফার ফি এবং খেলোয়াড়ের বিশাল বেতন মেটাতে রাজি নয় ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাবটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই অর্থ অন্য কোনো খেলোয়াড়ের পেছনে খরচ করার পরিকল্পনা করছে তারা। ফরাসি ক্লাবের এমন মনোভাবের পর রিয়াল মাদ্রিদকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন এই উইঙ্গার। সোমবার ক্লাবে ফিরে লাইপজিগ কর্তৃপক্ষের কাছে রিয়ালে যাওয়ার ইচ্ছা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন তিনি।
জার্মান ক্লাব লাইপজিগ অবশ্য দিওমান্দের জন্য ১৩০ মিলিয়ন ইউরোর কাছাকাছি ফি চাইছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা এই তরুণকে ধরে রাখতে নতুন চুক্তির চেষ্টা চালিয়েছিল তারা। তবে দিওমান্দে ছাড়লে তা হবে লাইপজিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় বিক্রির রেকর্ড। এর আগে ২০২৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বেঞ্জামিন সেস্কো (৭৬.৫ মিলিয়ন ইউরো) এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে ইয়োস্কো গভার্দিওলকে (৯০ মিলিয়ন ইউরো) বিক্রি করেছিল তারা।
ব্রাহিম দিয়াজ ক্লাব ছাড়ার গুঞ্জনের মাঝেই রাইট-উইঙ্গারের শূন্যতা পূরণে দিওমান্দের ওপর নজর দেয় রিয়াল।
তাছাড়া হোসে মরিনহো পুনরায় কোচের দায়িত্বে ফেরার পর দলবদলে বিশাল ঢেলে সাজানোর প্রক্রিয়ায় রয়েছে মাদ্রিদের ক্লাবটি। ইতোমধ্যে মার্ক কুকুরেয়া, বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে এবং ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে তারা। ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বকাপজয়ী গোল্ডেন বল বিজয়ী রদ্রিকেও উড়িয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
গত মৌসুমে বুন্দেসলিগায় লাইপজিগের হয়ে ৩৩ ম্যাচে ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন দিওমান্দে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে আইভরি কোস্টের চার ম্যাচের সবকটিতেই খেলেছেন এই উদীয়মান তারকা, যদিও রাউন্ড অফ থার্টি-টু-তে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তার দল।
Publisher & Editor