ভারতের হয়ে ১৬ বছর আগে বাবার ঝুলিতে এসেছিল কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ। পরিবারের সেই গৌরবময় ধারা শুধু বজায়ই রাখলেন না, পারফরম্যান্সে বাবা রূপালী অতীতকেও যেন ছাপিয়ে গেলেন ছেলে।
সোমবার ভারোত্তোলনে দেশটির হয়ে রুপা জিতেছেন তরুণ অ্যাথলিট ভাল্লুরি অজয় বাবু। পুরুষদের ৭৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পান ২১ বছর বয়সি অন্ধ্রপ্রদেশের অজয়। তার এমন পারফরম্যান্সে ভারতের ক্রীড়াপ্রেমীদের স্মৃতিতে তাজা হয়ে উঠেছে ২০১০ সালের কমনওয়েলথ গেমসের দৃশ্য। সেবার নয়াদিল্লির গেমসে ৫৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তার বাবা ভাল্লুরি শ্রীনিবাস।
বর্তমানে ফুলের চাষ করা শ্রীনিবাসই ছিলেন ছেলের প্রথম গুরু। বাবার হাতেই ভারোত্তোলনের হাতেখড়ি অজয়ের।
তবে আনন্দের মাঝেও কিছুটা আক্ষেপ রয়ে গেছে তার। মাত্র ১ কেজির ব্যবধানে সোনা হাতছাড়া হয়েছে অজয়ের।
স্ন্যাচ পর্বে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন তিনি। প্রথম চেষ্টাতেই ১৪৫ কেজি ওজন তোলার পর, শেষ পর্যন্ত ১৪৯ কেজি তুলে স্ন্যাচ পর্ব শেষ করেন। যা কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড! স্ন্যাচ শেষে সোনার দৌড়ে একচ্ছত্র প্রাধান্য ছিল এই ভারতীয় অ্যাথলিটেরই।
কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক পর্বে বদলে যায় সমীকরণ। অজয় নিজের প্রথম চেষ্টায় ১৮১ কেজি তুললেও পরবর্তী চেষ্টাগুলোতে আর ওজন বাড়াতে পারেননি।
এই সুযোগে মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদ ক্লিন অ্যান্ড জার্কে ১৮৪ কেজি তুলে নেন। ফলে দুই পর্ব মিলিয়ে মাত্র ১ কেজির সূক্ষ্ম পার্থক্যে সোনা হাতছাড়া হয় অজয়ের, সন্তুষ্ট থাকতে হয় রুপাতেই।
Publisher & Editor