বুধবার, ২৯ জুলাই ২০২৬

অশ্বিনের ভিডিও দেখে ভারতীয় দলে সুযোগ পাওয়া কে এই সারাংশ

প্রকাশিত: ০৩:০৪, ২৯ জুলাই ২০২৬ |

সবুরে মেওয়া ফলে—এমনটা এখন ভাবতেই পারেন সারাংশ জৈন। ৩৩ বছর বয়সে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

সাধারণত এত বছর বয়সে উপমহাদেশের খেলোয়াড়রা খুব একটা জাতীয় দলে সুযোগ পান না। অভিজ্ঞতাকে মূল্য দিয়ে সারাংশকে টেস্ট দলে সুযোগ দিয়েছে বিসিসিআই। যেন বুঝিয়ে দিলও বৈভব সূর্যবংশীর মতো উদীয়মান তারকাদের দিকেই শুধু নজর নয়, রয়েছে অভিজ্ঞদের প্রতিও। সারাংশ সুযোগ পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে বাবা সুবোধ জৈনের।

কে এই সারাংশ
সারাংশের রক্তে ক্রিকেট বহমান। বাবা সুবোধ মধ্যপ্রদেশের হয়ে ৯টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। মধ্যপ্রদেশের হয়ে তার সময় খেলা অফ-স্পিনার গোপাল শর্মার ছায়ায় পড়ে পরে আর ক্যারিয়ার বড় করতে পারেননি সুবোধ। ঘরোয়া ক্রিকেটে তাকে অনেক আগেই ছেলে সারাংশ ছাড়িয়ে গেছেন।

এবার জাতীয় দলেও ডাক পেলেন। তাতে বাবার স্বপ্ন পূরণ হয়েছে। 

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স
২০১৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেক সারাংশের। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলেছেন অফ-স্পিন অলরাউন্ডার। ২ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে রান করেছেন ২২২৩।

নামের পাশে উইকেট সংখ্যা ১৮৮। ডানহাতে বিষ ছড়ালেও তার ব্যাটিং স্টাইল বাঁহাতি। অন্যদিকে ২০১৭ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হওয়া সারাংশ সবমিলিয়ে ম্যাচ খেলেছেন ৪৭টি। এক ফিফটিতে রান করেছেন ৫৫৩। উইকেট ৩৮টি। বিপরীতে ২০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ব্যাট হাতে ৩৭ রানের বিপরীতে তার ঝুলিতে উইকেট ১৮টি।

অশ্বিনের বোলিং ভিডিও দেখে শানিত হচ্ছেন সারাংশ
বাবা ক্রিকেটার হওয়ায় স্বাভাবিকভাবেই সারাংশের প্রথম কোচ সুবোধ। তবে যুব পর্যায়ে খেলার পর থেকেই নিয়মিত রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের ভিডিও দেখে নিজের অফস্পিনের ভাণ্ডার বাড়াচ্ছেন ইন্দোরে জন্ম নেওয়া এই ক্রিকেটার। যুব পর্যায় থেকেই আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজিত পাতিদারের সঙ্গে খেলেছেন সারাংশ।

প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় সারাংশের কপাল খুলেছে। তার পরিবর্তে সুযোগ পাওয়া ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের অভিষেক হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে। স্পিন সহায়ক উইকেট ও লঙ্কানদের বেশ কজন বাঁহাতি ব্যাটার থাকায় তার অভিষেক হওয়ার সম্ভাবনা জোরাল। দুই টেস্টের সিরিজটি আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে। অপরটি ২৩ আগস্ট কলম্বোয় শুরু হবে। 

Mahfuzur Rahman

Publisher & Editor