বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রত্যাবর্তনে হার দেখলেন অধিনায়ক বাবর

প্রকাশিত: ০৩:০৩, ২৯ জুলাই ২০২৬ |

আড়াই বছরের বেশি সময় পর টেস্ট দলের অধিনায়কত্ব ফেরার ম্যাচে যে হার দেখতে হয়েছে তাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণ থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে পাকিস্তান। ব্রায়ান লারা স্টেডিয়ামে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে পরাজয় আরো বড় হতে পারত। ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যবধান কমান পাকিস্তানের অধিনায়ক। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন ১১ নম্বর ব্যাটার মোহাম্মদ আব্বাস। পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন শামার জোসেফ।

টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে ম্যাচসেরা হয়েছেন জাস্টিন গ্রিভস। প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন গ্রিভস। সঙ্গে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে করেন ৩৫ রান এই অলরাউন্ডার।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে রেকর্ড গড়েছেন গ্রিভস।

টানা ৫ ওভারে একটি করে উইকেট নেন তিনি। কোনো রান খরচ না করেই।  ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৫ মেডেনসহ ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। গ্রিভসের এমন রেকর্ডের আগে টস জিতে প্রথম ইনিংসে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফিফটি করেন কাভেম হজ (৮৪) ও শাই হোপ (৯২)। বিপরীতে দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অলআউট হয় তারা। অন্যদিকে শান মাসুদের সেঞ্চুরিতে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। সদ্য বিদায়ী অধিনায়কের ১০৯ রানের বিপরীতে ৬৩ রান করেন বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক।

Mahfuzur Rahman

Publisher & Editor