শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চেলসির মাঠেও জয়ের লক্ষ্যে নামবে পিএসজি : লুইস এনরিকে

প্রকাশিত: ০৮:৫৮, ১৩ মার্চ ২০২৬ |

চেলসির বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম লেগে বড় ব্যবধানে জিতেছে পিএসজি। শেষ পর্যন্ত জয়ের ব্যবধান তিন গোলের হলেও ম্যাচের অনেকটা সময় পর্যন্ত লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে এর পরও নির্ভার থাকার সুযোগ দেখছেন না লুইস এনরিকে। পিএসজি কোচ স্পষ্ট বলে দিলেন, চেলসির মাঠেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তার দল।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত বুধবার প্যারিসে চেলসিকে ৫-২ গোলে হারায় পিএসজি। প্রথম দুই দফায় এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি পিএসজি, দুইবারই সমতা ফেরায় চেলসি। গোলরক্ষকের মারাত্মক ভুলে তৃতীয় গোল হজম করে ইংলিশ ক্লাবটি। তারপরও ৮৫ মিনিট পর্যন্ত ভালোভাবেই ম্যাচে ছিল তারা, ব্যবধান ছিল ৩-২।

শেষ দিকে তারা হজম করে আরও দুই গোল।
জয়ের পর পিএসজি কোচ এনরিকে বলেন, ফিরতি লেগেও লড়াইটা কঠিন হবে বলে মনে হচ্ছে তার। শুধু ব্যবধান ধরে রাখার চেষ্টা না করার কথাও বলেন তিনি। এনরিকে জানান, দ্বিতীয় লেগ? হাড্ডাহাড্ডি ও কঠিন ম্যাচ হবে, আমার কোনো সংশয় নেই।

তবে আমরা লন্ডনে এই ফল আগলে রাখতে যাচ্ছি না। আমাদের ভাবনা হলো ম্যাচ জেতার চেষ্টা করা, আক্রমণ করা এবং নিজেদের জয়ের যোগ্য করে তোলা, কারণ কোনো ফল ধরে রাখার কথা ভাবলে কাজ হয় না। আমরা দ্বিতীয় লেগেও জিততে সক্ষম।
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল চেলসি। তারপর এই প্রথম দেখা হলো দল দুটির।

আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে হবে ফিরতি লেগ। 

Mahfuzur Rahman

Publisher & Editor