বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পরিষদের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আজ বুধবার (১১ মার্চ) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা এসেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকরাম।
এর আগে রবিবার (৮ মার্চ) বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনএসসিতে আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে জমা দেন তামিম ইকবালসহ শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তা ও কাউন্সিলদের বড় একটি অংশ।
গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তামিমের সঙ্গে এনএসসিতে উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, একই ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদউজ্জামান, সাবেক বিসিবি পরিচালক ও সূর্যতরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহাসহ আরো অনেকে।
স্বাধীন তদন্ত কমিটির কার্যপরিধিতে আছে ২০২৫ বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা করা। অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা।
গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচন হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নতুন কমিটি গঠন করা হয়। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরো অনেক ক্লাব কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকরা। এর জেরে ঢাকার ক্লাব ক্রিকেটে নেমে এসেছে স্থবিরতা।
তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ জানিয়েছে এনএসসি।
Publisher & Editor