মাসের শুরুতে বেতন হাতে পেলেই অনেকের মনে হয়—এই মাসে আর টাকার চিন্তা নেই। কিন্তু কয়েক দিন না যেতেই দেখা যায় পকেট প্রায় খালি। আয় কম হোক বা বেশি, কিছু সাধারণ ভুলের কারণেই এমনটা বারবার ঘটে। তবে কয়েকটি অভ্যাস বদলাতে পারলে মাসের শেষ পর্যন্ত হাতে টাকা রাখা সম্ভব।
চলুন, জেনে নিই।
বাজেট না করে খরচ শুরু করা
অনেকে বেতন পাওয়ার পরই খরচ শুরু করেন, কিন্তু কোথায় কত টাকা যাচ্ছে তার হিসেব রাখেন না। ফলে মাসের শেষে গিয়ে বোঝা যায় টাকা প্রায় শেষ। তাই মাসের শুরুতেই আয়-ব্যয়ের একটি বাজেট করা জরুরি।
চাইলে ডায়েরিতে লিখে বা মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করেও হিসেব রাখা যায়।
হঠাৎ কেনাকাটার অভ্যাস
অনলাইনে বা দোকানে কিছু দেখলেই অনেক সময় কিনে ফেলতে ইচ্ছে হয়। ছোট ছোট এই খরচগুলোই শেষে বড় অঙ্কে দাঁড়ায়। তাই কোনও কিছু কেনার আগে ভাবা দরকার সেটি সত্যিই প্রয়োজন কি না।
বেতন বাড়লেই খরচ বাড়ানো
অনেকেই বেতন বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচও বাড়িয়ে দেন। নতুন ফোন, দামি খাবার বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনে টাকা খরচ করেন। এতে আয় বাড়লেও সঞ্চয় বাড়ে না।
সঞ্চয়ের পরিকল্পনা না থাকা
অনেকে ভাবেন মাসের শেষে যা টাকা থাকবে সেটাই সঞ্চয় করবেন। কিন্তু মাসের শেষে সাধারণত খুব বেশি টাকা থাকে না।
তাই বেতন পাওয়ার পরই কিছু টাকা আলাদা করে রাখার অভ্যাস করা ভালো।
জরুরি তহবিল না রাখা
হঠাৎ অসুস্থতা বা অন্য কোনও জরুরি খরচ এলে সমস্যা তৈরি হয়। যদি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখা না থাকে, তাহলে বড় বিপদে পড়তে হতে পারে। তাই অল্প অল্প করে হলেও জরুরি তহবিল গড়ে তোলা জরুরি।
আয় যতই হোক, সঠিক পরিকল্পনা না থাকলে মাসের শেষে টাকার টান পড়বেই। তাই খরচের হিসেব রাখা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং নিয়মিত সঞ্চয় করার অভ্যাসই আর্থিক স্বস্তির মূল চাবিকাঠি।
Publisher & Editor