দারুণ শুরু করেও হঠাৎ ধস নেমেছিল পাকিস্তানের ইনিংসে। তবে তিন উইকেট দ্রুত হারানোর পর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার জুটিতে আবার ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ওপেনার মাআজ সাদাকাত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৬ বলেই ৭৫ রান করেন তিনি।
তার ইনিংসেই শক্ত ভিত পায় পাকিস্তান। অন্য প্রান্তে সাহিবজাদা ফারহানও ধীরে ধীরে রান তুলছিলেন।
দুজনের জুটিতে পাকিস্তান পায় ১০৩ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। তবে সেই জুটিই ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে স্কুপ করতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন সাদাকাত।
প্রথম উইকেট হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার ফারহানও। ৪৬ বলে ৩১ রান করা এই ব্যাটার তাসকিন আহমেদের বলে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
এরপর দ্রুতই আরেক ধাক্কা খায় পাকিস্তান।
মাত্র এক রান যোগ হতেই নাহিদ রানার বলে আউট হন শামিল হোসেন। আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া নাহিদ এবারও গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন বাংলাদেশকে।
ফলে বিনা উইকেটে ১০৩ রান করা পাকিস্তান হঠাৎ করেই তিন উইকেট হারিয়ে ফেলে ১২২ রানে।
তবে এরপরই দলকে আবার পথ দেখান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ধাক্কা সামলে আবার বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান।
৩৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। রিজওয়ান ২৯ ও সালমান আঘা ৪২ রানে অপরাজিত আছেন।
Publisher & Editor