চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদুল আযহার সিনেমা ‘রকস্টার’-এর শুটিং।
ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা কে থাকবেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমনকি গুঞ্জন উঠেছিল, পাকিস্তানি কোনো নায়িকা শাকিবের সঙ্গে জুটি বাঁধতে পারেন।
তবে পরিচালক আগেই জানিয়ে দিয়েছেন, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন।
এবার খবর, ‘রকস্টার’-এর মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন সাবিলা নূর। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে এমনটা নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়।
এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা।
জানা গেছে, সিনেমাটি হবে পিওর রোমান্টিক মিউজিক্যাল। সে অর্থে অ্যাকশন থাকবে না।
শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে।
আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেকেই অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আযহায়।
Publisher & Editor