টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এবং গতকাল হয়ে যাওয়া ভারত-ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন মোহাম্মদ আমির।
পাকিস্তানের সাবেক এই তারকা পেসার ভবিষ্যদ্বাণী করেন, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাবে ভারত। কিন্তু তার সেই ভবিষ্যদ্বাণী মিলেনি। উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে আর ইংল্যান্ডকে হারিয়ে গতকাল ফাইনালে উঠে যায় ভারত।
আমিরের এই দুই ভবিষ্যদ্বাণী মিথ পরিণত হওয়ায় পাকিস্তানি তারকাকে ধুয়ে দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার নবজিৎ সিং সিধু।
গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত সাত রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সিধু বলেন, ‘অনেকেরই ভুয়া ভবিষ্যদ্বাণী করার অভ্যাস আছে। ঠিক হলে তারা বলে তীর ছুড়েছি, আর ভুল হলে বলে এটা তো শুধু অনুমান ছিল। তারা সব সময় জ্ঞানী বাবার মতো আচরণ করে।’
তিনি আরো যোগ করেন, ‘এরা আসলে ভুয়া বাবা। তারা বলেছিল ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না। বলেছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে। কিন্তু সঞ্জু স্যামসনের আগমনে সেই দুই দলই বিদায় নিয়েছে। আবার বলেছিল ইংল্যান্ড ভারতকে হারাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেছে ইংল্যান্ডই।’
গতকাল ভারতের জয়ের পর আমির বলেন, ইংল্যান্ড ম্যাচটি হেরেছে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের কারণে। তার মতে, ‘ভারত ভালো খেলেছে এবং তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে ইংল্যান্ড একটি ক্যাচ ফেলেছে। ফর্মে থাকা ব্যাটারকে জীবন দিলে ম্যাচ জেতা কঠিন। ব্রুক যদি স্যামসনের ক্যাচটি ধরতে পারত, তাহলে ইংল্যান্ড ১৯তম ওভারেই ম্যাচ জিতে যেত।’
Publisher & Editor