মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশসূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে একটি কালো বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন ব্রিটনি স্পিয়ার্স। খবর পেয়ে ওয়েস্টলেক ভিলেজ এলাকায় গাড়িটি থামানো হয়। সে সময় চালকের আসনে ছিলেন ব্রিটনি স্পিয়ার্স। এ সময় তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। এরপর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়।
হাসপাতালের পরীক্ষায় তার শরীরে মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়ায় যায়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। এ সময় তল্লাশিকালে তার গাড়ি থেকে অজ্ঞাত একটি দ্রব্য উদ্ধার করেছে পুলিশ, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনার পর ব্রিটনি স্পিয়ার্সের আইনজীবী ও প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি আইনি প্রক্রিয়া মেনে চলতে প্রস্তুত। জেলের পরিবর্তে তাকে পুনর্বাসনকেন্দ্রে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করবে তার টিম।
এদিকে গ্রেফতার হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। সেই পোস্টে তিনি লিখেছিলেন— ‘ইস, কাজটি আবার করলাম’ (Oops!... I Did It Again)। ভক্তরা ভেবেছিলেন হয়তো শখ করেই নিজের গাওয়া বিখ্যাত গানের একটি লাইন তুলে পোস্ট করেছেন ব্রিটনি। তবে এর সঙ্গে যে দুর্ঘটনার যোগ রয়েছে, প্রথমে কেউ-ই তা আঁচ করতে পারেননি। এ পোস্ট করার কিছুক্ষণ পর পপতারকা আরও অদ্ভুত এক কাণ্ড করে বসেন।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইলটি ডিলিট করে ফেলেন তিনি। সাধারণত ব্রিটনি তার জীবনের নানা মুহূর্ত বা নাচ, গান এ প্ল্যাটফরমে শেয়ার করতেন। এখন হঠাৎ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
Publisher & Editor