শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

৫ ‘গোল’ ঠেকানো মিলিকে নিয়ে যা বললেন কোচ বাটলার

প্রকাশিত: ০৬:৪৩, ০৬ মার্চ ২০২৬ |

আগের ম্যাচে অনেকটা চমক দিয়েই মিলি আক্তারকে গোলবারের নিচে দাঁড় করিয়ে দিয়েছিলেন কোচ পিটার জেমস বাটলার। মিলি তার আস্থার প্রতিদানও দিয়েছেন ভালোভাবেই। 

আজ বাংলাদেশ উত্তর কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে। তবে এই ম্যাচেও মিলি লড়েছেন সামর্থ্যের সবটা দিয়ে। ৫ গোল জালে জড়ালেও তিনি ঠেকিয়েছেন আরও অন্তত ৫টি গোল। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার লড়াইটা যেন ছিল তার সঙ্গেই। 

তার প্রসঙ্গে কোচ বাটলার বলেন, ‘মিলি একজন সত্যিকারের লড়াকু সৈনিক। তার উঠে আসার গল্পটা মাথায় রাখলে জীবনের প্রতি তার জেদ এবং উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং ভালোভাবেই তা লুফে নিয়েছে। মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই করার আছে।’

তার আগে প্রথম ম্যাচে অনেকটা চমকে দিয়েই তাকে গোলরক্ষকের দায়িত্বটা দিয়েছিলেন বাটলার। সে দায়িত্ব পেয়ে চীনকে ভালোভাবেই ভুগিয়েছিলেন তিনি। চীন সেদিন ১০টা শট নিয়েছিল, যার ৮টাই ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। 

আজ গোলের সংখ্যাটা বেড়েছে। তবে মিলির লড়াইয়ে ছেদ পড়েনি একটুও। যার ফলে ম্যাচ শেষে তাকে নিয়ে গর্বই প্রকাশ করেছেন কোচ বাটলার।

Mahfuzur Rahman

Publisher & Editor