শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হেমন্ত যায় চিঠি লিখে

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ নভেম্বর ২০২৬ | ২৭

শীতল শিশির মাখা আলো দু’চোখ খোলে ভোরে

কার্তিক এসে নিজ হাতে দেয় আলতো টোকা দোরে।

সঙ্গে আছে অগ্রহায়ণ এক নামের পথের সাথি

দুজনের এক আশাক-পোশাক এক রঙের এক ছাতি।


কার্তিক দেয় বুলিয়ে পরশ পাকা ধানের ক্ষেতে

ধান কাটা উৎসবে ওঠে অগ্রহায়ণ মেতে।

উঠানজুড়ে ধানের পালার উৎসব ও কলকলে।

চাষার বুকে অতুল আশায় সুখের বাতি জ্বলে।

দেবকাঞ্চন গন্ধরাজ ও রাজ অশোকের বেলা

কার্তিক ও অগ্রহায়ণ বুকে হিমঝুরি রং মেলা।

নতুন ধানের ঢেঁকির ছাঁটা চালের পরম ঘ্রাণে

নবান্নের এই সুর ঝলমল বাজে সবার প্রাণে।

কিষান বউয়ের ব্যস্ত তাড়া নতুন ধানের গোলা

মনজুড়ে বুকজুড়ে অমল অপ্রমেয় দোলা।

কার্তিক হাঁটে অগ্রহায়ণও বিকেলে রং মেখে

দিনের শেষের চিত্রখানি রংতুলি দেয় এঁকে।

সাঁঝের গায়ে আবছা আলো-ছায়ার আঁচল নামে

হেমন্ত যায় চিঠি লিখে শীতের হিমেল খামে।

Mahfuzur Rahman

Publisher & Editor