পাকস্থলীর সমস্যাকে শুরুতে অনেকেই গ্যাস্ট্রিক-আলসার ভেবে উপেক্ষা করে থাকেন। চিকিৎসকের দ্বারস্থ না হয়ে নিজে নিজে নিকটস্থ ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ার পর সাময়িক স্বস্তি মিললে, তাতে বিষয়টি আরো অবহেলার হয়ে উঠে।
এতেই বড় ভুল করা হয়। কিন্তু সমস্যা যখন বড় হয়, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। জানা যায়, পাকস্থলীর ক্যান্সার।
এ ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার নামেও পরিচিত।
সাধারণত এটি ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে। এই রোগের বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো- শুরুর দিকে লক্ষণগুলো সাধারণ হজমজনিত সমস্যা মতো মনে হয়। যেমন- অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, পেট ফাঁপা বা বদহজম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শারদা কেয়ার হেলথসিটির অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও ইউনিট হেড ডা. হেমকান্ত ভার্মা বলেছেন, রোগীদের খাবারের পর জ্বালাপোড়া ভাব, পেটে অস্বস্তি, পেট ফাঁপা, বমি বমি ভাব বা পেট ভারী হয়ে থাকার অনুভূতি হয়ে থাকে।
তবে এসব লক্ষণ থাকলেই তা যেমন ক্যান্সার নয়। আবার এসব দীর্ঘস্থায়ী হলে, বিশেষ করে অন্যসব সতর্কতামূলক লক্ষণের সঙ্গে মিললে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নিতে হবে।
অল্প খাবারে পেট ভরা
গুরুত্বপূর্ণ হলো, অল্প পরিমাণ খাবার খাওয়ার পরই অস্বস্তিকরভাবে পেট ভরার অনুভূতি হওয়া। খেয়াল করলে হয়তো দেখা যাবে, তারা তাদের স্বাভাবিক খাবারটুকুও শেষ করতে পারছেন না। পাকস্থলীর স্বাভাবিক প্রসারণ ক্ষমতায় কোনো টিউমার বাধা দিলে বা খাদ্যনালীতে খাবার চলাচলে ব্যাঘাত ঘটালে এমন হতে পারে।
কয়েক সপ্তাহ ধরে যদি অল্প খাবারে পেট ভরার মতো মনে হয়, তাহলে সাময়িক হজমের সমস্যা না ভেবে চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত।
কারণ ছাড়াই ওজন কমা
খাদ্যাভ্যাস, ব্যায়ামের রুটিন বা লাইফস্টাইলে কোনো পরিবর্তন ছাড়াই কারও কারও ওজন কমতে দেখা যায়। এসব অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত। পাকস্থলীর ক্যান্সারে ক্ষুধা কমা, অল্প খাবারে পেট ভরা, খাবার খেতে অসুবিধা হওয়া বা শরীরের বিপাকক্রিয়ায় পরিবর্তনের জন্য ওজন কমতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বমি বমি ভাব বা বমি হওয়া, খাবার গিলতে অসুবিধা হওয়া বা দুর্বলতা ও ক্লান্তি বোধ হতে পারে।
রক্তবমি
বারবার পেটে ব্যথা, রুচি কমা, ঘনঘন বমি হওয়া, বমির সঙ্গে রক্ত পড়া এবং কালো ও আলকাতরার মতো মলত্যাগ হলে পরিপাকতন্ত্রের রক্তপাতের সমস্যা হতে পারে। এসব সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, দীর্ঘদিন রক্তক্ষরণের কারণে রোগীর অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এ থেকে ক্লান্তি, শ্বাসকষ্ট ও কর্মক্ষমতাও কমে যেতে পারে।
পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কারণসমূহ
নির্দিষ্ট কিছু বিষয় পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। যেমন- গ্যাস্ট্রিক ক্যান্সারের পারিবারিক ইতিহাস, ধূমপান, অতিরিক্ত লবণাক্ত বা ধোঁয়ায় শুকানো বা স্মোকড খাবার খাওয়া, পাকস্থলীর আস্তরণে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং কিছু বংশগত সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসবের ঝুঁকিও বাড়তে থাকে।
মনে রাখতে হবে, এর কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিলেই মনে করা যাবে না―পাকস্থলীর ক্যান্সার হয়েছে। তবে, হজমজনিত লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হলে, কোনো লক্ষণ অস্পষ্ট এবং পরিস্থিতি ক্রমশ খারাপ হলে, বিশেষ করে ওজন কমা, রক্তস্বল্পতা বা খাবার খেতে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বায়োপসি ছাড়া কি এন্ডোস্কোপির মাধ্যমে ক্যান্সার শনাক্ত সম্ভব
রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপার গ্যাস্ট্রোইনটেস্টিনাল এন্ডোস্কোপি করা হতে পারে। এতে চিকিৎসক পাকস্থলীর ভেতরের আস্তরণ পরীক্ষা করেন এবং সন্দেহজনক অংশ দেখা গেলে বায়োপসি বা টিস্যু সংগ্রহ করেন। রোগের মাত্রা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ইমেজিং ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হতে পারে।
Publisher & Editor