শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ নভেম্বর ২০২৬ | ২৯

পারিবারিক ভ্রমণ, আনন্দ, আবেগ আর নানা মজার ঘটনার গল্প নিয়ে আসছে নতুন সিনেমা ‘যাত্রা বিরতি’। ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামানসহ একঝাঁক তারকা। সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। প্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ইতোমধ্যে সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাতার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে পুরো ইউনিট নিয়ে কুয়াকাটায় চলছে শুটিং। মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও দীঘির পাশাপাশি সিনেমাটিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানকে। এ ছাড়া অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ আরও অনেকে।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত ৮৪ বছর বয়সি দিলারা জামানও। ভ্রমণের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, শুটিংয়ের সুবাদে ঘুরে বেড়ানো এবং তরুণ সহশিল্পীদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তিনি। তার ভাষায়, এই বয়সে ঘর থেকে বের হওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চান না।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম ও সুমাইয়া শিমুকে। এর আগে বিভিন্ন কাজে তাদের জুটি দর্শকের প্রশংসা পেয়েছে। নতুন সিনেমাতেও তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা নির্মাতার।

‘যাত্রা বিরতি’ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন কাজী আসাদ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, উৎসবের সময় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর আনন্দই গল্পটির মূল ভাবনা। তাই ঈদের আবহের সঙ্গে সিনেমাটির গল্প বেশ মানানসই বলে মনে করছেন তিনি।

দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমুও। চিত্রনাট্য ও নিজের চরিত্র পছন্দ হলেও শুরুতে কাজটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন অভিনেত্রী। পরে সহশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি। শিমুর প্রত্যাশা, সিনেমার পর্দায় একটি পরিবারের গল্প দেখতে গিয়ে দর্শকেরা নিজেদের জীবনের নানা মুহূর্ত খুঁজে পাবেন।

পরিচালক কাজী আসাদের সঙ্গে আগেও কাজ করেছেন মোশাররফ করিম। তার পরিচালিত ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে অভিনেতার। ফলে নতুন সিনেমায় কাজের ক্ষেত্রে আগে থেকেই দুজনের মধ্যে বোঝাপড়া রয়েছে। মোশাররফ করিম জানান, দীর্ঘদিন পর সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে তার। গল্পটিও বেশ পছন্দ হয়েছে। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের কাজটি যথাযথভাবে সম্পন্ন করা। তাহলেই দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

এদিকে মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেয়ে কিছুটা রোমাঞ্চিত ও চিন্তিত দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলেও মোশাররফ করিমের সঙ্গে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন তিনি। অভিনেতার সামনে সংলাপ বলার বিষয়ে কিছুটা নার্ভাস থাকলেও রিহার্সেলের মাধ্যমে তা কাটিয়ে ওঠার আশা করছেন দীঘি। তার মতে, সিনেমার গল্পটি বেশ সুন্দর এবং কাজটি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, গত কয়েক বছরে প্রেক্ষাগৃহের দর্শকদের জন্য বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। সিনেমা হলে দর্শকদের উপস্থিতি ও ইতিবাচক সাড়া থেকেই ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’ প্রকল্পে নতুন করে কাজ করার অনুপ্রেরণা পেয়েছে তারা। ‘যাত্রা বিরতি’ সেই উদ্যোগেরই আরেকটি সংযোজন।

তিনি আরও জানান, পরিচালক কাজী আসাদের নির্মাণশৈলীর প্রতি দর্শকদের আস্থা রয়েছে। তার সঙ্গে দেশের জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দেওয়ার প্রত্যাশা করছে চরকি।

সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে সিনেমাটির শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে বড় পর্দায় দেখা যাবে ‘যাত্রা বিরতি’।

Mahfuzur Rahman

Publisher & Editor