শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আইপিএলকে কেন না বললেন মোস্তাফিজ, যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ নভেম্বর ২০২৬ | ২৬

গেল আইপিএলে তাকে রেকর্ড দামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরও তাকে খেলানো সম্ভব হয়নি দলটির। দেশটির একাধিক উগ্র ডানপন্ত সংগঠনের চাপে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে একপ্রকার ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। সেই মোস্তাফিজ এবার আইপিএলের নিলামেই নাম দেননি। 

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, দেশে ‘প্রতিক্রিয়ার’ ভয় থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেন।

টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র বলেছে, ‘গত বছরের দাগ মোস্তাফিজের মনে এখনো তাজা। নিলামে অবিক্রীত থাকার ভয় তার আছে। এতে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ভক্তরা তাকে লোভী বলতে পারেন। এ কারণেই তিনি মিনি নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

সূত্রটি আরও বলেছে, ‘মোস্তাফিজ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। আগামী মৌসুমেও তিনি এই লিগে ফিরবেন।’

আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) প্রথমে মোস্তাফিজকে দলে নিয়েছিল। তবে গত ১৬ ডিসেম্বর তাকে দলে টানার পর থেকেই দেশটির কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিরূপ প্রতিক্রিয়া জানায়। 

এমনকি উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সিং শোম কলকাতার মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন, তার কারণ ছিল মোস্তাফিজকে দলে টানাই। এমনকি এই হুমকিও দেন যে মোস্তাফিজকে বিমানবন্দর থেকেই বের হতে দেওয়া হবে না। এরপর একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এই ঘৃণার আগুনে ঘি ঢালে। শেষমেশ চাপের মুখে পড়ে কেকেআর বাধ্য হয়ে ছেড়ে দেয় মোস্তাফিজকে।  

সেই রাজনৈতিক সংকটের সময় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। এ ঘটনা ঘটে কেকেআরের দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর। বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড।

গেলবার আইপিএলে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে তার আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে। প্রথম আসরে আসরের সেরা উদীয়মানের পুরস্কারও জিতে নিয়েছিলেন। 

বাঁহাতি এই পেসার আইপিএলে ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। গত বছরের শেষ দিকের নিলামে কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। সেবার আইপিএলে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ছিলেন তিনি। তাকে পেতে চেন্নাই, দিল্লি ও কলকাতার মধ্যে ত্রিমুখী দর কষাকষি হয়েছিল।

তবে আইপিএলে নাম না লেখালেও মোস্তাফিজ বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। এখন তিনি আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। ৩১ বছর বয়সী এই পেসার প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগেও (বিবিএল) খেলবেন। এর জন্য তিনি মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor