রবিবার, ০১ নভেম্বর ২০২৬

১৫৫ নায়িকার নায়ক মীর সাব্বির

প্রকাশিত: ০৬:১০, ০১ নভেম্বর ২০২৬ | ২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করেছেন এই অভিনেতা। এ পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

অভিনেতা বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনো জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন, তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি।’

মীর সাব্বিরের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, তারিন জাহান ও পপির মতো জনপ্রিয় অভিনেত্রীরা। পাশাপাশি চলতি সময়ের অনেক অভিনেত্রীর সঙ্গেও কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন।

তার ক্যারিয়ারের প্রথম নায়িকা কে ছিলেন? এ প্রশ্নের জবাবে মীর সাব্বির জানান, তার অভিনয়জীবনের শুরু বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। প্রথম দিকে নায়িকা ছাড়াই নাটকে অভিনয় করেছেন। এরপর ২০০০ সালের শুরুর দিকে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার সঙ্গে প্রথম পর্দা ভাগ করেন তিনি। সেই নাটকের প্রযোজক ছিলেন আবু তাহের।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন মীর সাব্বির। শিগগির তার পরিচালনায় ‘খুব চেনা গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক প্রচারে আসছে। 

Mahfuzur Rahman

Publisher & Editor