বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৮ সালে উৎসবের ৮১তম আসরে প্রদর্শিত হবে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই কালজয়ী সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব কর্তৃপক্ষ।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর। নির্মাতা হিসেবে এটিই ছিল তার প্রথম চলচ্চিত্র। রাহুল, অঞ্জলি ও টিনাকে কেন্দ্র করে আবর্তিত প্রেমের গল্পটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সময়ের সঙ্গে ছবিটি বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ছবিটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল স্কটল্যান্ডের মনোরম প্রাকৃতিক পরিবেশে ধারণ করা দৃশ্যগুলো। আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরির মতো বিখ্যাত স্থানে হয়েছিল এর শুটিং। স্কটল্যান্ডে বড় পরিসরে চিত্রায়িত প্রথম দিকের ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটিও উল্লেখযোগ্য।
এদিকে সম্প্রতি মুম্বাইয়ে ধর্মা প্রোডাকশনসের কার্যালয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে সাক্ষাৎ করেন করণ জোহর। বৈঠকে স্ক্রিন স্কটল্যান্ডের অন্তর্বর্তী নির্বাহী পরিচালক ডেভিড স্মিথও উপস্থিত ছিলেন। আলোচনায় ভারত ও স্কটল্যান্ডের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ, যৌথ প্রযোজনা, নতুন প্রতিভা গড়ে তোলা এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা গুরুত্ব পায়।
বৈঠক শেষে জন সুইনি ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তার মতে, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের ক্ষেত্রে স্কটল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশীদার হয়ে ওঠার সম্ভাবনা রাখে।
অন্যদিকে, এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী ও পরিচালক পল রিড জানান, উৎসবের ৮১তম আসরে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো জনপ্রিয় সিনেমার তিন দশক পূর্তি উদযাপন করতে পেরে তারা উচ্ছ্বসিত। এ আয়োজনে পরিচালক করণ জোহরসহ ছবিটির সঙ্গে যুক্ত অতিথিদের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১২ থেকে ১৮ আগস্ট। এর পরের বছর ৮১তম আসরে বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে উদযাপন করা হবে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মুক্তির ৩০ বছর পূর্তি।
Publisher & Editor