শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি

প্রকাশিত: ১০:৩৯, ১৭ অক্টোবর ২০২৬ | ১২

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড (এফবিডব্লিউ)। আসন্ন নির্বাচন সামনে রেখে আয়োজিত এ বিতর্কে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা, নেতৃত্বের জবাবদিহিতা, ভোটার পদ্ধতির সংস্কার ও সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।

গত ৭ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বাংলাদেশ সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নিজেদের পরিকল্পনা, অঙ্গীকার ও সাংগঠনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘আমরা ভবিষ্যতে একটি জনকল্যাণমূলক বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত বিতর্কে সভাপতি পদে আথাউর রহমান সালিম ও আজমল হোসেন কুনু অংশ নেন। সাধারণ সম্পাদক পদে অংশ নেন মোহাম্মদ আলী, ফিরোজ আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী রব্বি সৈয়দ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কের আদলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা সংগঠনকে আরও আধুনিক, কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নির্বাচনের আগে প্রার্থীদের পরিকল্পনা ও অঙ্গীকার সরাসরি জানার সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আলোচনায় বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসূচি গ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত শক্তিকে জনকল্যাণে কাজে লাগানো এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি ভোটার পদ্ধতির সংস্কার, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যয় নিয়ন্ত্রণ এবং সদস্যদের কল্যাণে সংগঠনের অর্থের অধিকতর কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা হয়।

সংগঠনের প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠা, সম্পদ ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্ব দেন অংশগ্রহণকারী প্রার্থীরা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নেতৃত্বকে আরও দায়িত্বশীল করে তোলা এবং পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

আয়োজকদের মতে, নির্বাচনী বিতর্কের মাধ্যমে ভোটারদের সামনে প্রার্থীদের চিন্তাভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সংগঠনের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব নির্বাচনে জবাবদিহিতার চর্চা জোরদার করবে।বক্তব্য শিখুন

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হয়। ঠিকানা টিভি, টাইম টিভি, ইউএসএনিউজঅনলাইন.কম ও নিউজ২৪ইউএসএ পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। এ ছাড়া আইবিটিভিসহ অন্যান্য গণমাধ্যম, ব্লগার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্কটি প্রচারিত হয়।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান ও পরিচালক মাহবুবুর রহমান বিতর্কে অংশগ্রহণকারী প্রার্থী, অতিথি, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে যোগ্য প্রার্থী বেছে নেওয়া এবং সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor