দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটির স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে নিউইয়র্কে নব উদ্যোমে যাত্রা শুরু করেছে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন। সংগঠনটির অভিষেক উপলক্ষে গত ২ অক্টোবর নিউইয়র্কের ওয়ার্ল্ড’স ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আয়োজন সফল করতে ইভেন্ট কমিটির আহ্বায়ক আবুল ফজল দিদার ইসলাম, সদস্য সচিব মাসুদ সিরাজী এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কে আহমেদ (জসিম) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সভাপতি সারওয়ার খান বাবু, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদার, কার্যকরী সদস্য এইচ এম ইকবাল, মহিলা সম্পাদিকা আদান ইসলাম, সহসভাপতি মাসুদ প্রামাণিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ এইচ মির্জা এবং প্রচার সম্পাদক গোলাম হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতের পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
বক্তারা বলেন, নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতে দক্ষিণ এশীয় আমেরিকানদের অংশগ্রহণ ও ভূমিকা ক্রমেই বাড়ছে। এই খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, পারস্পরিক যোগাযোগ এবং নতুন প্রজন্মের রিয়েলটরদের জন্য কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে। নতুন সংগঠনটি এসব ক্ষেত্রে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, রিয়েল এস্টেট ব্যবসা শুধু সম্পত্তি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আবাসন, বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দক্ষিণ এশীয় কমিউনিটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, পেশাগত জ্ঞান বিনিময় এবং কমিউনিটির মানুষের কাছে রিয়েল এস্টেট-সংক্রান্ত তথ্য ও সুযোগ সহজলভ্য করার উদ্যোগ নেবে।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। নতুন ও অভিজ্ঞ রিয়েলটরদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য দায়িত্বশীল ও দক্ষ রিয়েল এস্টেট সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষের বসবাস ও ব্যবসায়িক কার্যক্রম ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ বাস্তবতায় রিয়েল এস্টেট পেশাজীবীদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটির কার্যক্রম দক্ষিণ এশীয় কমিউনিটিতে নতুন মাত্রা যোগ করতে পারে। অনুষ্ঠানে রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠিত এবং নিজ নিজ অঙ্গনে সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান বকুল, প্রেমাসহ অন্যান্য শিল্পী সংগীত পরিবেশন করেন। বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পেশাগত স্বার্থের পাশাপাশি বৃহত্তর কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Publisher & Editor