বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন নিখোঁজ, সন্ধান না মেলায় উদ্বেগ

প্রকাশিত: ০৬:৩৯, ০৭ অক্টোবর ২০২৬ | ১৪

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি-অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে জ্যাকসন হাইটসে নিয়মিত চলাফেরা ও কাজের সুবাদে পরিচিত খোকনের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় স্বজন, পরিচিতজন এবং বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি হয়েছে।

খোকন কুইন্সের কিউ গার্ডেনস এলাকায় একা বসবাস করতেন। প্রায় ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে আসা খোকনের দেশের বাড়ি মাগুরা জেলায়। তিনি জ্যাকসন হাইটসের খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্টের পাশের অবকাশ স্টোরে কাজ করতেন। পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। সংশ্লিষ্টদের দাবি, তিনি যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

পরিচিতজনরা জানান, গত তিন দিন ধরে খোকন কর্মস্থলে যাননি। সাধারণত নিয়মিত কাজে উপস্থিত থাকলেও হঠাৎ তার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলে পরিচিতজনরা তার খোঁজ শুরু করেন।

খোঁজ নিতে গিয়ে কিউ গার্ডেনসের বাসায়ও যায় স্থানীয় পুলিশ। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পুলিশ দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করলেও সেখানে খোকনের সন্ধান পাওয়া যায়নি। তবে তার নিখোঁজ হওয়ার কারণ বা তিনি কোথায় থাকতে পারেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুজ্জামান বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হাসপাতাল থেকেও খোকনের সন্ধান পাওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনটির প্রচার সম্পাদক খোকনের নিখোঁজ হওয়ার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি জ্যাকসন হাইটসে গিয়ে খোঁজখবর নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে খোকনের পরিচিতজনদের কাছ থেকেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অবকাশ স্টোরের মালিক রানার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খোকনের নিখোঁজের ঘটনায় এরই মধ্যে কমিউনিটিতে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট—আইস (ICE)-এর হেফাজতে থাকতে পারেন। তবে আইসের হাতে আটক হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য বা সরকারি সূত্র পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত নিছক আশঙ্কা বা গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী খোকনের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্বজন ও পরিচিতজনরা দ্রুত সন্ধানের প্রত্যাশা করছেন। একই সঙ্গে কমিউনিটির অনেকেই তার অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

খোকন কোথায় আছেন, কীভাবে নিখোঁজ হলেন এবং তার সঙ্গে কী ঘটেছে—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। তার সন্ধানে খোঁজখবর অব্যাহত রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor