শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সিডনির রাস্তায় গানে গানে শাবনূর-রবি চৌধুরী

প্রকাশিত: ০৭:২০, ০৯ অক্টোবর ২০২৬ | ৯

নব্বই দশকের ঢালিউড কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী। দুজনই নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন দীর্ঘদিন। পর্দায় আর পর্দার পেছনে তাদের বন্ধুত্বের কথা অনেকেরই জানা। 

সম্প্রতি সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে মুখোমুখি হন এই দুই তারকা। দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে কাছে পেয়ে সেই আড্ডায় যুক্ত হলো নস্টালজিয়ার ভিন্ন এক মাত্রা, যা তারা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার ভক্তদের সঙ্গেও।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক একটি ভিডিওতে দেখা যায়, সিডনির রোদঝলমলে রাস্তায় ঘুরে বেড়ানোর ফাঁকে রবি চৌধুরীর কাছে হঠাৎই একটি গান শোনার আবদার করে বসেন শাবনূর। গায়কের হাঁটার মাঝেই তাল মেলাতে চাইলে রবি চৌধুরী হেসে জবাব দেন, ‘না, গানটা দাঁড়িয়ে গাইতে হবে!’

এরপরই দাঁড়ায়ে সুর তোলেন কালজয়ী গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর পঙ্ক্তিতে। গানের একপর্যায়ে সাবলীলভাবে শাবনূরের নাম জুড়ে দিয়ে তিনি গাইতে থাকেন, ‘তুমি বুকে টেনে নাও না শাবনূর আমাকে’। প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনে হাসিমুখে সুর মেলান শাবনূরও।

মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনূর। স্মৃতিকাতর হয়ে তিনি লেখেন, “সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুলাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে।”

ভিডিওর শেষভাগে দুই তারকা প্রকাশ করেন চমৎকার এক তথ্যের কথা। জানা যায়, কাজের সূত্রে দুজন আলাদা জায়গায় থাকলেও তাদের দুজনের জন্মতারিখ কিন্তু একই দিনে! আর তাই জীবনভর যেন এই বিশেষ দিনটি একসঙ্গেই পালন করতে পারেন, সেই প্রার্থনাই প্রকাশ করেন তারা। 

বহু বছর পর নব্বইয়ের দশকের দুই প্রিয় তারকাকে এমন প্রাণবন্ত আড্ডায় দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

Mahfuzur Rahman

Publisher & Editor