সোমবার, ১২ অক্টোবর ২০২৬

‘রামায়ণ’ মুক্তির তারিখ ঘোষণা, কবে শুরু অগ্রিম টিকিট বিক্রি?

প্রকাশিত: ০৭:১৬, ১২ অক্টোবর ২০২৬ | ১৬

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রথম পর্বের।

বড় বাজেটের এই চলচ্চিত্রটি কবে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির দিনক্ষণ জানালেন নির্মাতারা। পাশাপাশি ঘোষণা করা হয়েছে অগ্রিম টিকিট বিক্রির শুরুর তারিখও।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব।

চলচ্চিত্রটি দেখতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দশমীর দিন।
নবরাত্রির প্রথম দিনেই প্রকাশ করা হয় চলচ্চিত্রটির নতুন পোস্টার। সেখানে একসঙ্গে দেখা গেছে রণবীর সিং, সাই পল্লবী, যশ ও রবি দুবেকে। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে চলচ্চিত্রটির প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।

প্রচারণার শুরুতেই নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, পর্দায় শুরু হতে যাচ্ছে রামের যুগ। পোস্টারের ক্যাপশনে তারা লিখেছেন, ‘ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায়’। অর্থাৎ, রামের যুগের সূচনা।

নীতেশ তিওয়ারির পরিচালনায় দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে উঠে আসবে রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং রাম ও রাবণের বাহিনীর মধ্যকার যুদ্ধের কাহিনি।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান। তাদের সুরের মেলবন্ধ নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
‘রামায়ণ’-এর প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর হিন্দির পাশাপাশি মালয়ালম, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

Mahfuzur Rahman

Publisher & Editor