শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য বাড়াতে প্যারিসে বৈঠক

প্রকাশিত: ০৩:৪৩, ০৩ অক্টোবর ২০২৬ | ১৬

ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও সম্প্রসারণের সুযোগ বাড়াতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। প্যারিসে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশাধিকার সহজ করা, যৌথ বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদলে বাংলাদেশের তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ব্যবসায়ীরা অংশ নেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরো কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ সম্প্রসারণ।

এ ক্ষেত্রে ব্যাবসায়িক যোগাযোগ সহজ করা, সম্ভাব্য অংশীদারত্ব তৈরি এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।
 
বৈঠকে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতি ও ইউরোপের শুল্ক কাঠামোর পরিবর্তন নিয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করা প্রয়োজন।

বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বিশেষ করে তথ্য-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ফরাসি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিসর বাড়িয়ে ইউরোপের বাজারে নতুন নতুন পণ্যের সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়।
 
ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরো শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়ানো প্রয়োজন। এ ধরনের বৈঠক দুই পক্ষের মধ্যে ব্যাবসায়িক যোগাযোগ ও অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যাবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ তৈরিতে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিন, মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন ও খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই দেশের ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসের এ বৈঠকের মাধ্যমে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরো বিস্তৃত হবে। একই সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ তৈরি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পথও আরো সুগম হবে।

বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সৌজন্যে আয়োজিত বিশেষ গালা ডিনারে অংশ নেন বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা।

Mahfuzur Rahman

Publisher & Editor