শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিশুদের কলতানে শিল্পকলায় শুরু ‘শিশু আনন্দ মেলা’

প্রকাশিত: ০৩:৩৯, ০৩ অক্টোবর ২০২৬ | ১৭

আনন্দঘন পরিবেশ ও শিশুদের কলতানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’ এবং ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা কুঁড়ি ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। আমরা কুঁড়ির পরিচালনা পরিষদের চেয়ারম্যান এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং হোমটেক ডেভেলপার অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন- উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা এবং শিশু বক্তা সৈয়দা তাহিয়া আন নূর।

দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রায় ৪০টি শিশু-কিশোর সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। আগামী ৪ অক্টোবর (রোববার) বিকাল সাড়ে ৫টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। 

Mahfuzur Rahman

Publisher & Editor