বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬

নীল নদের দেশ মিশর থেকে উঠে এসে বার্সেলোনায় নিজের নামটা বেশ জোরেশোরেই জানান দিচ্ছেন হামজা আবদেলকারিম। ১৮ বছর বয়সি এই স্ট্রাইকারকে এখন তাই ডাকা হচ্ছে ‘নীলের হলান্ড’ নামে। নামটা তারও বেশ পছন্দ। আর সেই ডাক পাওয়ার মধ্যেই বার্সেলোনা তাকে দিয়েছে নতুন চুক্তি।

আবদেলকারিমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী তিনি কাতালান ক্লাবটিতে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত। বাড়ানো হয়েছে তার বেতনও। সম্ভাব্য বড় ক্লাবগুলোর আগ্রহ ঠেকাতে বাড়ানো হয়েছে রিলিজ ক্লজও, ১০ কোটি ইউরোর বেশি।

গত গ্রীষ্মেই আল আহলি থেকে স্থায়ীভাবে বার্সেলোনায় যোগ দেন আবদেলকারিম। এরপর থেকেই যেন তার উত্থানের গতি বেড়েছে। বার্সেলোনার প্রাক্-মৌসুমের পাঁচ ম্যাচে করেছেন চার গোল। সুযোগ পেয়েছেন মূল দলের সঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলার।

সেখান থেকেই এসেছে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডের সঙ্গে তুলনা। ‘নীলের হলান্ড’ ডাকটা কীভাবে দেখেন- চুক্তি নবায়নের পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখে আবদেলকারিমও লুকাননি নিজের মুগ্ধতা।  

যখন আমাকে জিজ্ঞেস করা হয়, কোন খেলোয়াড়দের দেখে আমি শিখি, তখন হলান্ডের কথা বলতেই হয়। সে অসাধারণ একজন স্ট্রাইকার। তার অনেক শক্তির জায়গা আছে। ওকে যখন দেখি, নতুন কিছু শেখার চেষ্টা করি। নিজের খেলায় কীভাবে উন্নতি করা যায়, সেটাও বুঝতে পারি।

হলান্ডের গোল করার ক্ষমতার কথাও আলাদা করে বলেছেন মিশরীয় তরুণ। 

আমরা সবাই জানি, গোল করার ক্ষেত্রে আর্লিং হলান্ড কতটা ভালো। সব সময় সঠিক জায়গায় থাকে। এটা থেকেও অনেক কিছু শেখা যায়। তাই বুঝতে পারছি, কেন আপনারা আমাকে ‘নীলের হলান্ড’ বলছেন।

বার্সেলোনায় আবদেলকারিমের যাত্রা শুরু গত জানুয়ারিতে। প্রথমে তাকে রিজার্ভ দলের খেলোয়াড় হিসেবে আনা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য গত মৌসুমে খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। জুনে আল আহলির সঙ্গে চুক্তি থেকে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগটি কাজে লাগায় বার্সেলোনা।    

প্রাথমিকভাবে ১৫ লাখ ইউরোতে তাকে দলে নেয় স্প্যানিশ ক্লাবটি। চুক্তি ছিল ২০২৯ সাল পর্যন্ত। এরপর মিশর ও বার্সেলোনার হয়ে দুর্দান্ত এক গ্রীষ্ম কাটান আবদেলকারিম। মে মাসে মিসরের জাতীয় দলে অভিষেক হয় তার। 

বিশ্বকাপেও খেলেছেন চার ম্যাচ। বিশ্বকাপের পর খুব বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। সরাসরি যোগ দেন বার্সেলোনার প্রাক্-মৌসুম প্রস্তুতিতে। সেখানে পাঁচ ম্যাচে চার গোল করে নজর কাড়েন হান্সি ফ্লিকের।

আগস্টে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগায় অভিষেকও হয়ে গেছে তার। চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার ছয়টি ম্যাচের স্কোয়াডেই ছিলেন এই তরুণ।    

তবে মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইটা কঠিন। এই মুহূর্তে রাফিনহা ও গ্যাব্রিয়েল জেসুসের পর বার্সার তৃতীয় পছন্দের স্ট্রাইকার আবদেলকারিম। মাঝখানে খেলানোর বিকল্প হিসেবে ফ্লিকের হাতে আছেন দানি ওলমো, অ্যান্থনি গর্ডন, ফেরমিন লোপেজ ও করিম আদেইয়েমিও।

তবু মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন আবদেলকারিম। নতুন চুক্তি সেই আস্থারই আরেকটি বড় প্রমাণ। আর ‘নীলের হলান্ড’ নামটাও যে এখন তার পরিচয়ের অংশ হয়ে গেছে, সেটি তিনি নিজেই বেশ উপভোগ করছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor