মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ, দিলেন নানা প্রশ্নের জবাব

প্রকাশিত: ০৬:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২

তিন বছর ধরে বড় পর্দায় নেই শাহরুখ খান। ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে বাজিমাৎ করেছিলেন। এরপর আবার লম্বা সময় নিয়ে এবার আসছেন ‘কিং’ নিয়ে। বহুল আলোচিত এই অ্যাকশন-থ্রিলার মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

কিন্তু সিনেমাটি নিয়ে নতুন কোনো খবরই মিলছে না। এর মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, আদৌ ২৪ ডিসেম্বর আসবে তো ‘কিং’? এসব সংশয় ও ধোঁয়াশা উড়িয়ে দিলেন অভিনেতা। ভক্তদের সঙ্গে এক্স-এ ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়ে জবাব দিয়েছেন নানা প্রশ্নের।

সিনেমার ট্রেলার নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘এবার তো পুরো সিনেমাই দেখবেন। আপনাদের অপেক্ষা আর বাড়াব না। ভালো একটা সিনেমা তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হয়। সবকিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’

শাহরুখের কথায় স্পষ্ট, ২৪ ডিসেম্বরেই মুক্তি পাবে ‘কিং’। আরেক ভক্ত জানতে চান, ‘কিং’-এর অ্যাকশন কি ‘জওয়ান’-এর চেয়েও বড় পরিসরে হবে? শাহরুখের জবাব, ‘হ্যাঁ। আসলেই অ্যাকশন দৃশ্যগুলো বড় পরিসরে করা হয়েছে, সিড (পরিচালক সিদ্ধার্থ আনন্দ) এটা নিয়ে অনেক পরিশ্রম করেছে। তবে অ্যাকশনের সঙ্গে ইমোশন আর কমেডিও ভালো লাগবে তোমাদের।’

এক ভক্ত জানতে চান, এখনো কেন ‘কিং’ সিনেমার গান প্রকাশ করা হচ্ছে না? জবাবে শাহরুখ লেখেন, ‘রিলিজ তো করেই দিতাম; কিন্তু এখনো অরিজিৎ দাদার (অরিজিৎ সিং) ফিনিশিং দেওয়া বাকি। সে তো পারফেকশনিস্ট। এজন্য প্রয়োজনীয় সময়টুকু নিচ্ছে।’

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় ফের জুটি হয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সিনেমায় আরো আছেন অভিনেতার কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা প্রমুখ।

Mahfuzur Rahman

Publisher & Editor