মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফের বাপ্পা মজুমদারের একক কনসার্ট

প্রকাশিত: ০৬:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮

তিন দশকেরও বেশি সময় ধরে সুর ও গায়কীর মায়াজালে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন বাপ্পা মজুমদার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিলেও একক কনসার্টের সংখ্যা তুলনামূলক কম।

এবার প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে ফিরছেন নন্দিত এই শিল্পী। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই কনসার্টের ঘোষণা দিয়েছেন বাপ্পা মজুমদার। একই সঙ্গে ভক্তদের তারিখটি মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। তখনই জানা যাবে টিকিটের মূল্য, আসন বিন্যাস ও অন্যান্য নিয়ম-শর্ত।

বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস দেখা গেছে ভক্তদের মধ্যে। শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আনন্দ প্রকাশ করছেন। কেউ কেউ এরই মধ্যে কনসার্টে উপস্থিত থাকার আগ্রহও জানিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পা মজুমদার প্রথম একক কনসার্ট করেন ২০২২ সালে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় একক শো করেন তিনি।

গত বছরের জুলাইতেও একটি একক কনসার্টে গান শোনান বাপ্পা। তবে সেটি ছিল তুলনামূলক ছোট পরিসরে। এবার বড় আয়োজনের একক কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন। তিন দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করা এই শিল্পী এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি কনসার্ট ও নানা ধরনের ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে তাঁর সখ্যও ধরে রেখেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor