মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের ১১ পয়েন্ট কাটল আইসিসি

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১

ইংল্যান্ডের কাছে তিন টেস্ট সিরিজের হারের শোক হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এমন কঠিন সময়ই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে আসল আইসিসির শাস্তি।

স্লো ওভাররেটের কারণে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটেছে আইসিসি। সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬। এজবাস্টন টেস্ট শেষে এবার আইসিসি শাস্তি দেওয়ায় তাদের পয়েন্ট এখন ৫।

শুধু এবারই নয়, এর আগেও পয়েন্ট হারিয়েছে পাকিস্তান।
গত মে মাসে বাংলাদেশ সফরে ৮ পয়েন্ট কাটা হয়েছিল পাকিস্তানের। অর্থাৎ, সবমিলিয়ে ১৯ পয়েন্ট কাটা গেছে বাবর আজমদের। সবমিলিয়ে তারা পয়েন্ট পেয়েছিল ২৪।

১১ পয়েন্ট কাটায় পাকিস্তান এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে। ৯ নম্বরে আছে তারা। তালিকাটি শতকরার হিসেবে হওয়ায় পাকিস্তানের পিসিটি এখন ৪.৬৩। ৮০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। 

শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে বাংলাদেশ।

৫৫.৫৬ শতাংশ নিয়ে চারে আছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ওপরে আছে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ) ও নিউজিল্যান্ড (৭২.২২)। ৫১.৫২ শতাংশ নিয়ে পাঁচে ভারত। যথাক্রমে পরের পজিশনে আছে—ইংল্যান্ড (৩৮.৫৪), শ্রীলঙ্কা (৩৩.৩৩) ও ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩)।

Mahfuzur Rahman

Publisher & Editor