মুখ ও শরীরের কালচে দাগ নিমেষে দূর করার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল ভাইরাল হচ্ছে হাজারো ঘরোয়া টোটকা। টুথপেস্ট, বেকিং সোডা, পাতিলেবুর রস কিংবা অ্যাপেল সিডার ভিনেগারের মতো রাসায়নিক মিশ্রণে তৈরি প্যাক ব্যবহারের প্রবণতা তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত বাড়ছে।
তবে এসব অনিয়ন্ত্রিত রূপচর্চায় ত্বকের সাময়িক উজ্জ্বলতা দেখা গেলেও আড়ালে তৈরি হচ্ছে মারাত্মক স্থায়ী ক্ষতির ঝুঁকি। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া উপাদান মানেই তা নিরাপদ নয়। বিশেষজ্ঞরা জানান, না বুঝে একাধিক উপাদান একসঙ্গে মিশিয়ে ব্যবহারে ত্বকের প্রাকৃতিক প্রতিরোধব্যবস্থা ভেঙে পড়ে। ভাইরাল টোটকাগুলোর যেসব ক্ষতিকর দিক চিকিৎসকেরা তুলে ধরেছেন, চলুন তা জেনে নিই।
পাতিলেবুর রস ও বেকিং সোডা : লেবুর রস অতিরিক্ত অ্যাসিডিক এবং বেকিং সোডা তীব্র ক্ষারীয়। দুইটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়ায় ত্বকে তীব্র জ্বালাপোড়া ও রুক্ষতা তৈরি হয়।
অ্যাপেল সিডার ভিনেগার ও লেবু : উভয় উপাদানই উচ্চ অ্যাসিডযুক্ত। এ দুইটি একসঙ্গে ব্যবহারের ফলে ত্বকের স্বাভাবিক পিএইচ ভারসাম্য পুরোপুরি নষ্ট হয় এবং ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে।
টুথপেস্ট ও বেকিং সোডা : ব্ল্যাকহেডস বা কালচে ছোপ দূর করতে অনেকে টুথপেস্ট ব্যবহার করেন। এটি সাময়িকভাবে ত্বক কিছুটা পরিষ্কার দেখালেও দীর্ঘমেয়াদে অ্যালার্জি, রাসায়নিক পোড়াদাগ ও স্থায়ী ক্ষতি ডেকে আনে।
চর্মরোগ চিকিৎসকদের পরামর্শ, সামাজিক মাধ্যমের ভিডিও দেখে ঘরে তৈরি মিশ্রণ ব্যবহারের বদলে ত্বকের প্রকৃতি বুঝে সচেতন হওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
Publisher & Editor