বার্সেলোনার গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম লক্ষ্য ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অ্যাতলেটিকো মাদ্রিদকে একাধিকবার প্রস্তাব দিলেও সফল হয়নি কাতালান ক্লাবটি। ফলে বিকল্প পরিকল্পনায় তারা নজর দেয় আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের দিকে। তবে ইন্টার মিলানের অধিনায়ক শেষ পর্যন্ত বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইতালিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর বার্সেলোনা আক্রমণভাগ শক্তিশালী করার জন্য লাউতারোকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করে। যদিও সে সময় ইন্টার মিলান দাবি করেছিল, বার্সেলোনা তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। একই সঙ্গে ক্লাবটি স্পষ্ট করে দেয়, লাউতারোকে নিয়ে আলোচনার সুযোগও নেই।
তবে সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত ‘গ্রান গালা দেল কালচিও’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লাউতারো। কাতালান সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর তথ্যের সত্যতা স্বীকার করে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বার্সেলোনার আগ্রহের খবর বাস্তব ছিল।
লাউতারো বলেন, ‘এ ধরনের প্রস্তাব পাওয়া সবসময়ই গর্বের বিষয়। কারণ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখতে আমি প্রতিনিয়ত পরিশ্রম করি। তাই প্রকাশিত প্রতিবেদনগুলো সত্য ছিল।’
তবে বার্সেলোনার আগ্রহ সত্ত্বেও ইন্টার ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। ইন্টারকেই নিজের প্রথম পছন্দ উল্লেখ করে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি সবসময় বলেছি, আমি ইন্টারে থাকতে চাই। আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে থাকতে চাই। যতদিন ক্লাব আমাকে চাইবে, আমি এখানেই থাকব।’
বর্তমানে ২৯ বছর বয়সি লাউতারোর সঙ্গে ইন্টার মিলানের চুক্তি রয়েছে ২০২৯ সাল পর্যন্ত। অন্যদিকে, আলভারেজকে না পেয়ে শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। নতুন মৌসুমে আক্রমণভাগের নেতৃত্ব দেবেন তিনিই।
ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে লাউতারো ফুটবলের বাস্তবতাও তুলে ধরেন। দলবদলের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও ইন্টারের প্রতি নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ফুটবলে কখনো কখনো এমন সময় আসে, যখন আপনাকে আর প্রয়োজনীয় মনে করা হয় না। তবে ইন্টারের হয়ে খেলতে পারা আমার জন্য গর্বের। আমি এখানে সুখী, এখানেই থাকতে চাই এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করে ক্লাবের হয়ে বড় শিরোপার জন্য লড়াই চালিয়ে যেতে চাই।’
Publisher & Editor