বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৩৩ বছরেই মারা গেলেন ডিজনির ‘জম্বিজ’ তারকা কার্লা জেফারি

প্রকাশিত: ০৭:২৩, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২

ডিজনি চ্যানেলের জনপ্রিয় ‘জম্বিজ’ ফ্র্যাঞ্চাইজির অভিনেত্রী কার্লা জেফারি মারা গেছেন। ১ সেপ্টেম্বর ৩৩ বছর বয়সে মারা যান তিনি।

তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
‘জম্বিজ’ সিনেমাগুলোতে ব্রি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান জেফারি। ২০১৮ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার পাশাপাশি এর দুটি সিক্যুয়েলেও দেখা গেছে তাকে। ২০২৪ সালে ফ্র্যাঞ্চাইজিটির অ্যানিমেটেড স্পিন-অফেও ব্রি চরিত্রে কণ্ঠ দেন তিনি।

জেফারির মৃত্যুর খবর তার এজেন্ট কার্লা আলেকজান্ডার নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি অভিনেত্রীকে উষ্ণ ও প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী হিসেবে স্মরণ করেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জন্ম জেফারির।

মাত্র ১২ বছর বয়সে অভিনয়ের এজেন্সির সঙ্গে যুক্ত হন তিনি। ২০০৬ সালে ‘ফ্যাট গার্লজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।
প্রায় দুই দশকের ক্যারিয়ারে ‘কার্ব ইওর এনথুসিয়াজম’, ‘আইকার্লি’, ‘গুড লাক চার্লি’, ‘শেক ইট আপ!’, ‘স্ক্রিম কুইন্স’, ‘ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড’, ‘সাবার্গেটরি’ ও ‘আমেরিকান ভ্যান্ডাল’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০২৫ সালের অডিও ড্রামা ‘আসান্তে’ ছিল তার সর্বশেষ অভিনয়কর্ম।

জেফারির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহশিল্পীরা।

‘জম্বিজ’-এর অভিনেতা মাইলো ম্যানহেইম তাকে ‘সবচেয়ে মিষ্টি মানুষ’ হিসেবে স্মরণ করেন। চ্যান্ডলার কিনিও অভিনেত্রীর উজ্জ্বল ব্যক্তিত্বের কথা তুলে ধরে শোক জানান। ট্রেভর টর্ডম্যান ও বেবি এরিয়েলও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ডিজনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এক বিবৃতিতে জেফারির প্রতিভা ও উদারতার প্রশংসা করে তার পরিবার, সহশিল্পী ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছে।

জেফারি তার যমজ ভাই কার্লন জেফারিকে রেখে গেছেন। তিনিও একজন অভিনেতা এবং ‘এ.এন.টি. ফার্ম’ সিরিজে ক্যামেরন পার্কস চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

Mahfuzur Rahman

Publisher & Editor